টেকনাফে ৮ জিম্মি উদ্ধার, আটক ৪

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে পাচারের উদ্দেশে জিম্মি করে রাখা নারী-শিশুসহ ৮ জনকে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই সময় ৪ নারী পাচারকারীকে আটক করা হয়। সোমাবার (১৭ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার সাবরাং ইউনিয়নের পানছড়ি পাড়া এলাকা থেকে জিম্মিদের উদ্ধার ও পাচারকারীদের আটক করা হয়।  

আটকরা হলেন ওই এলাকার আসমা (১৯), শাবনূর (২০), জহুরা (৪৩) ও সাহারা খাতুন (৬২)। এসময় আব্দুল মোতালেব ওরফে কালা বদ্দা নামে একজন পালিয়ে যান।

টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান জানান, গোপন খবর পেয়ে সোমবার রাতে সাবরাং ইউনিয়নের পানছড়ি পাড়া এলাকায় আব্দুল মোতালেব ওরফে ‘কালা বদ্দা’র বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় পাচারকারীরা পালানোর চেষ্টাকালে চার নারী মানবপাচারকারীকে আটক করতে সক্ষম হলেও একজন পালিয়ে যায়। পরে সেখান থেকে ৬ নারী, দুই শিশুসহ মোট ৮ জন জিম্মিকে উদ্ধার করে বিজিবি।

আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।