কাস্টিং কাউচের শিকার হননি এমন উঠতি তারকা খুঁজে পাওয়া কঠিন। কাজের সুযোগের নাম করে যৌন সুবিধা চাওয়ার এই অনৈতিক প্রবণতা বলিউড থেকে টলিউড সর্বত্রই। তবে কেবল উঠতি তারকারাই নন, ইন্ডাস্ট্রির প্রথম সারির অভিনেত্রীদেরও যে এর থেকে রেহাই মেলে না, তার প্রমাণ দিলেন ওপার বাংলার পরিচিত মুখ পায়েল সরকার। এবার গ্ল্যামার জগতের অন্ধকার দিক তুলে ধরে নিজের ভয়াবহ অভিজ্ঞতা তুলে ধরলেন এই টলিউড সুন্দরী।
সম্প্রতি এক পডকাস্টে নিজের জীবনের এক কঠিন অভিজ্ঞতার কথা সামনে আনেন পায়েল। এক প্রযোজক তার কাছে সরাসরি যৌন সুবিধা দাবি করেছিলেন বলে মন্তব্য করেন তিনি। 'স্ট্রেট আপ উইথ শ্রী'-এর আসন্ন এপিসোডের প্রচারণামূলক ভিডিওতে দেখা যায়, সঞ্চালকের সঙ্গে আলাপচারিতায় পায়েল বলেন, ‘আমাদের ইন্ডাস্ট্রির একজন প্রযোজক আমার কাছে নির্দিষ্ট কিছু সুবিধা দাবি করেছিলেন।’ সঞ্চালিকা তখন পাল্টা স্পষ্ট করে জানতে চান, যৌন সুবিধা? জবাবে কোনো রাখঢাক না রেখেই পায়েল দৃঢ়ভাবে বলেন, ‘হ্যাঁ, সেটাই।’