ছাত্র আন্দোলনে গণহত্যার ঘটনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বিদেশে পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের দেশে ফেরাতে ইন্টারপোলের সহায়তা চাওয়া হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম এইচ তামীম।
মঙ্গলবার (১৮ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম এইচ তামীম বিষয়টি নিশ্চিত করেন।
গাজী এম এইচ তামীম বলেন, শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের সাজা পরোয়ানা পররাষ্ট্র মন্ত্রনালয়ে পাঠানোর কার্যক্রম শুরু করেছে প্রসিকিউশন।
তিনি বলেন, মানবতার বিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেয়া পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড সাজার বিষয়ে পররাষ্ট্র মন্ত্রনালয়ের মাধ্যমে ইন্টারপোলকে জানাবে প্রসিকিউশন।
গাজী এম এইচ তামিম বলেন, ট্রাইব্যুনালের রায়কে চ্যালেঞ্জ করতে চাইলে শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালের উচিত হবে ৩০ দিনের মধ্যে আত্মসমর্পণ করে আপিল বিভাগে আপিল করা। তা না হলে পররাষ্ট্র মন্ত্রনালয়ের মাধ্যমে ইন্টারপোলকে তাদের মৃত্যুদণ্ড সাজার বিষয়টি জানানো হবে।
তিনি আরও বলেন, এই রায় তিনটি জায়গায় যাবে-প্রসিকিউশন টিম, উপস্থিত আসামি ও জেলা ম্যাজিস্ট্রেট।