টেস্ট ম্যাচের আগের সংবাদ সম্মেলনে ফুটবলের প্রসঙ্গ উঠে আসা বেশ অদ্ভুতই বটে। তবে আজ সেটাই ঘটল মিরপুর শেরে বাংলায়। গত শুক্রবার নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ ২-২ ড্র করেছে বাংলাদেশ। ওই ম্যাচে জোড়া গোল করেছেন হামজা চৌধুরী, যার একটি ছিল বাইসাইকেল কিকে। সেই খেলা সদলবলে দেখেছেন বাংলাদেশ সফরে আসা আয়ারল্যান্ডের ক্রিকেটাররা।
হামজা চৌধুরীর সৌজন্যে নতুন করে জেগে উঠেছে বাংলাদেশের ফুটবল। দর্শকরাও ফিরেছেন গ্যালারিতে। চারদিকে শুধু হামজাকে নিয়েই আলোচনা। অন্যদিকে ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্ব খেলছে আয়ারল্যান্ড। এখন পর্যন্ত তারা মূলপর্বে ওঠার দৌড়ে টিকে আছে। আজ মঙ্গলবার মিরপুরে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে সেই প্রসঙ্গ উঠতেই উচ্ছসিত হয়ে উঠলেন আয়ারল্যান্ড দলের প্রতিনিধি হয়ে আসা হ্যারি টেক্টর।
তিনি বলেন, ‘ফুটবল? (হামজার গোল) অবিশ্বাস্য, স্রেফ অবিশ্বাস্য। আমরা সবাই মিলে অ্যান্ডি বালবার্নির রুমে বসে ম্যাচটি দেখছিলাম। আমরা খেলার প্রথমার্ধ মিস করেছি। তবে দ্বিতীয়ার্ধ যাতে মিস না হয়, তাই দ্রুত রুমে ফিরে আসি। দ্বিতীয় গোলটি (পেনাল্টি থেকে হামজার করা) দেখার পর আমরা আশা করেছিলাম, তৃতীয় গোলটিও হবে। আমরা জানি আজ রাতে তারা (বাংলাদেশ) ভারতের বিপক্ষে খেলবে। এটা বড় একটা ম্যাচ হতে যাচ্ছে এবং আমরা খুবই রোমাঞ্চিত।’
নিজ দেশ আয়ারল্যান্ডের ফুটবল উন্মাদনা নিয়ে হ্যারি টেক্টর বলেন, ‘আমার মনে হয়, একমাত্র ফুটবল খেলাটাই আমাদের দেশের সবাইকে একত্রিত করতে পারে। এটা আমাদের জাতীয় গৌরবের অংশ। আয়ারল্যান্ড যখন সর্বশেষ বিশ্বকাপে খেলেছিল, তখন আমার বয়স ছিল মাত্র দুই বছর। সুতরাং দেশবাসী অনেকদিন ধরে অপেক্ষা করে আছে আমাদের ফুটবল দলকে বিশ্বকাপে দেখার জন্য। আশা করি তারা সফল হবে।’