নির্যাতনের স্বীকার রাইসার পাশে তারেক রহমান 

পারিবারিক নির্যাতনের স্বীকার ঝালকাঠির শিশু রাইসার পাশে দাঁড়িয়েছে বিএনপির নিপীড়িত নারী ও শিশুদের আইনি ও স্বাস্থ্য সহায়তা সেল।

তারেক রহমানের নির্দেশে মঙ্গলবার (১৮ নভেম্বর) শিশু রাইসার বর্তমান সামগ্রিক পরিস্থিতির খোঁজ নিতে তার বাসায় যান এই সেলের সদস্য ডা. মো. মোস্তাফিজুর রহমান, ডা. জাবির হাসান ও ডা. তানজিলা আক্তার। নিপীড়িত নারী ও শিশু আইনি ও স্বাস্থ্য সহায়তা সেল এর কেন্দ্রীয় সমন্বয়কারী বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকূল ইসলাম শিশু রাইসার নানা-নানী ও খালার সাথে ভার্চুয়ালই কথা বলেন এবং যে কোনও প্রয়োজনে শিশু রাইসার পাশে থাকার আশ্বাস প্রদান করেন।

এ সময় শিশু রাইসার জন্য পরিবারের সদস্যদের হাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শীতের পোশাক, উপহার সামগ্রী ও আর্থিক সহায়তা তুলে দেন সেলের সদস্যরা। 

গত ১লা অক্টোবর ৪ বছর বয়সী মাতৃহারা শিশু রাইসাকে মারধরের অভিযোগ ওঠে তার পিতা ও সৎ মায়ের বিরুদ্ধে। শারীরিক আঘাতে তার মাথার হাড় ভেঙে যায় ও মস্তিষ্কে রক্তক্ষরণ হয়। ঐ সময় নিপীড়িত নারী ও শিশুদের আইনি ও স্বাস্থ্য সহায়তা সেল এর ঝালকাঠির সদস্যরা শিশু রাইসাকে দেখতে যান ও তার চিকিৎসা সহায়তা প্রদান করেন।