গাজীপুর কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে বন্দি মুরাদ হোসেন (৬৫) নামে এক আসামী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। মিরপুর ১২ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের সাবেক কমিশনার ছিলেন তিনি।
মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে কারারক্ষীরা ওই বন্দিকে কাশিমপুর কারাগার থেকে ঢাকা মেডিকেল নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, কারারক্ষীরা অচেতন অবস্থায় ওই বন্দিকে হাসপাতালে নিয়ে আসে। এরপর চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
কারা সূত্রে জানা যায়, ওই ব্যক্তি হাজতি হিসেবে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন। তিনি মিরপুর ১২ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের সাবেক কমিশনার। তার নামে হত্যাসহ ৩টি মামলা ছিল।