অনুরাগীদের বরাবর চমক দিতে ভালোবাসেন বলিউড তারকা রণবীর সিং। বেশ কিছুদিন ধরেই চর্চায় রয়েছে সিনেমাটি। প্রথম টিজারেই রণবীরের বোল্ড লুক দর্শকদের মধ্যে এক ধরণের উত্তেজনা বাড়ায়। সেই উত্তেজনার পালে নতুন হাওয়া লাগায় মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে প্রকাশিত হওয়া সিনেমাটির ট্রেলার। আর ট্রেলারেই এই অভিনেতা বড় চমক দিলেন অনুরাগীদের। যেখানে রীতিমতো নতুন লুকে ধরা দিলেন তিনি। যা দেখে রীতিমতো চোখ কপালে ওঠে নেটিজেনদের। সর্বভারতীয় সংবাদমাধ্যমসূত্রে জানা গেছে, মুক্তির আগেই নাকি গড়েছে নতুন রেকর্ড। কারণ এই সিনেমাটি হতে যাচ্ছে পুরো তিন ঘণ্টার। আগামী দশ দিনের মধ্যেই নাকি ছবির টিমের তরফে এই বিষয়টি নিশ্চিত করা হবে। শুধু তাই নয়, এমনটা হলে এই ছবিই হতে চলেছে রণবীরের ক্যারিয়ারের দীর্ঘ সিনেমা। সব ঠিক থাকলে পরিচালক আদিত্য ধর ও ছবির প্রযোজনা সংস্থার সিদ্ধান্তে এই ছবি হতে পারে তিন ঘণ্টা পাঁচ মিনিটের।
এ প্রসঙ্গে পরিচালক আদিত্য ধর বলেছেন, ‘রণবীরের ক্যারিয়ারে এই ছবি একটি গুরুত্বপূর্ণ ছবি হয়ে উঠতে চলেছে। এই চরিত্রে অনেকরকমভাবেই দর্শক রণবীরকে আবিস্কার করতে পারবেন। আমরা কখনওই এই ছবির প্রেক্ষাপটের সঙ্গে তাড়াহুড়োর চোটে কোনও আপোস করতে চাইনি। তবে হ্যাঁ, ছবিতে নানা মোড় ঘোরানো দিক দর্শকের নজর টানবে। বলে রাখা ভালো, এর আগে ‘অ্যানিম্যাল’ ও তারও আগে ‘বাহুবলী’ ছবি দু’টি দীর্ঘ ছবি হিসেবে নতুন রেকর্ড গড়েছিল। যথাক্রমে এই দুই হিট ছবি ৩ ঘণ্টা ২১ মিনিট ও ৩ঘণ্টা ৪৫ মিনিট ছিল। যা সময়ের নিরিখে ছাপিয়ে গিয়েছিল রমেশ সিপ্পির কালজয়ী ছবি ‘শোলে’কেও। যা ছিল ৩ঘণ্টা ১৯ মিনিট দীর্ঘ। সম্প্রতি দিল্লি বিস্ফোরণের জেরে পিছিয়ে গিয়েছিল এই ছবির প্রচারমূলক অনুষ্ঠান। আগামী ৫ ডিসেম্বর ছবি মুক্তি। আর সেদিকেই আপাতত তাকিয়ে রয়েছেন সবাই। চলতি বছরের ৫ ডিসেম্বর মুক্তি পাবে ‘ধুরন্ধর’। তবে রণবীরের পাশাপাশি ফার্স্ট লুকের প্রচারঝলকে নজর কেড়েছেন সঞ্জয় দত্ত, অক্ষয় খান্না, অর্জুন রামপাল ও আর মাধবন প্রমুখ। ছবিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে থাকবেন তারা।