পলাশের সিমেন্ট ফ্যাক্টরিতে হামলার ৪ মাস পর মামলা প্রত্যাহার

নরসিংদীর পলাশের ডাঙ্গায় একটি সিমেন্ট ফ্যাক্টরিতে হামলার ঘটনায় দায়েরকৃত মামলাটি প্রত্যাহার করে নিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে নরসিংদী প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনে মামলাটি প্রত্যাহারের কথা জানান কনফিডেন্স সিমেন্ট ঢাকা লিমিটেড এর হেড অব লিগ্যাল এন্ড রেগুলেটারি এফিয়ার্সের সেক্রেটারি মো. লিপন হোসেন এসিএস।

এসময় উপস্থিত ছিলেন, কোম্পানির ম্যানেজার (প্রশাসন) মো. রুবেল আজাদ ও এক্সিকিউটিভ মো. সজীব হোসেন। গত ৩ জুলাই ২০ থেকে ২৫ জনের একটি সশস্ত্র দল নদী পথে কারখানায় প্রবেশ করে কারখানার শ্রমিকদের ৬টি কক্ষে হামলা চালায় এবং মোবাইল, ল্যাপটপ ও মালামাল লুট করে নিয়ে যায়। এসময় হামলায় কোম্পানীর অন্তত ৭ জন শ্রমিক আহত হয়।

এ ব্যাপারে ৫ জুলাই কারখানার কর্মকর্তা নুরুল ইসলাম খন্দকার বাদী হয়ে পলাশ থানায় একটি মামলা করেন। মামলায় ডাঙ্গা ইউনিয়ন যুবদলের সভাপতি মনিরুজ্জামানসহ ২৬ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৫ থেকে ৬ জনকে আসামি করা হয়। এরপর রাতেই নরসিংদী সদরে অভিযান চালিয়ে মনিরুজ্জামানকে গ্রেপ্তার করে পুলিশ।

ঘটনার প্রায় সাড়ে চারমাস মামলার বিষয়টি নিয়ে বিস্তারিত তদন্ত ও পর্যালোচনার পর পুলিশ আসামিদের বিরুদ্ধে ফাইনাল রিপোর্ট দেন। এর প্রেক্ষিতে আমরা মামলাটি প্রত্যাহার করি। ফলে কনফিডেন্স সিমেন্ট ঢাকা লিমিটেড কর্তৃপক্ষ বিষয়টি মানবিক ও ন্যায়সঙ্গত সৃষ্টিকোণ থেকে বিবেচনা করে উক্ত মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত গ্রহণ করেন এবং যাদের বিরুদ্ধে মিথ্যাভাবে অভিযোগ আনা হয়েছিল তাদের নিকট আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করা হয়। আমরা বিশেষভাবে দুঃখ প্রকাশ করছি যে, এই ঘটনায় স্থানীয় যুবদল নেতা মনিরুজ্জামান মনির হোসেন এবং বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে, যা অনিচ্ছাকৃত এবং অনভিপ্রেত।