পর্নোগ্রাফি আইনের মামলার ৪৮ ঘণ্টার মধ্যে প্রধান আসামি গ্রেপ্তার

দিনাজপুরের নবাবগঞ্জে পর্নোগ্রাফি আইনের মামলার ৪৮ ঘণ্টার মধ্যে এজাহার নামীয় প্রধান আসামি মেহেদী হাসান (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সদস্যরা।

মঙ্গলবার দুপুরে র‌্যাবের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তারকৃত মেহেদী হাসান নবাবগঞ্জ উপজেলার উত্তর মুরাদপুর গ্রামের মিজানুর হকের ছেলে।

এর আগে রবিবার ভুক্তভোগী ওই নারী বাদী হয়ে নবাবগঞ্জ থানায় পর্নোগ্রাফি আইনে একটি মামলা দায়ের করেন।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আসামি মেহেদী হাসানের সঙ্গে ২০১৭ সালের ৭ সেপ্টেম্বর ভুক্তভোগী নারীর তালাক হয়। এরপর থেকে বিভিন্ন সময় মেহেদী হাসান পুনরায় বিয়ের প্রস্তাব দিয়ে আসলেও তার প্রস্তাব প্রত্যাখ্যান করে আসছিল ভুক্তভোগী ওই নারী। সম্প্রতি ওই নারীর ভাবীর মেসেঞ্জারে ভুয়া ফেসবুক আইডি থেকে দাম্পত্যকালীন অন্তরঙ্গ মুহূর্তের কিছু ছবি পাঠায় মেহেদী হাসান।

পাশাপাশি বিয়ের প্রস্তাবে রাজি না হলে ফেসবুক গ্রুপে ছবি ছড়িয়ে দেওয়ার হুমকি প্রদান করেন। গত রবিবার ভুক্তভোগী ওই নারী নবাবগঞ্জ থানায় পর্নোগ্রাফি আইনে একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকে র‌্যাব সদস্য ছায়া তদন্ত শুরু করে।

সোমবার বিকাল সোয়া ৫টায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দিনাজপুর শহরের বালুবাড়ী শহীদ মিনার মোড় থেকে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। মঙ্গলবার সকালে তাকে নবাবগঞ্জ থানা পুলিশের কাছে তাকে হস্তান্তর করে র‌্যাব সদস্যরা।