বরিশালে যাত্রীবাহী বাসে রহস্যজনক অগ্নিকাণ্ড

বরিশাল সদর উপজেলার দিনারের পুল এলাকায় একটি থেমে থাকা যাত্রীবাহী বাসে রহস্যজনক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

সোমবা (১৭ এপ্রিল) রাত ২টার দিকে চরকাউয়া-গোমা আঞ্চলিক সড়কের পাশে রাখা বাসটিতে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা।

ঘটনাস্থলের কাছাকাছি অবস্থান করা বন্দর থানা পুলিশের সদস্যরা দ্রুত এগিয়ে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম।

ওসি রফিক জানান, দ্রুত পদক্ষেপ নেওয়ায় অল্প সময়ের মধ্যেই আগুন নিভিয়ে ফেলা সম্ভব হয়েছে। এতে বাসের কয়েকটি সিট পুড়ে গেলেও বাসের ভেতরে কেউ না থাকায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

তিনি বলেন, ‘বাসটি ১৬-১৭ দিন ধরে রাস্তার পাশে বন্ধ অবস্থায় রাখা ছিল। কীভাবে এতে আগুন লেগেছে তা এখনও নিশ্চিত নয়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে-এটি স্বতঃস্ফূর্ত অগ্নিকাণ্ড, নাকি অগ্নিসংযোগ। অগ্নিসংযোগের প্রমাণ পাওয়া গেলে দায়ীদের আইনের আওতায় আনা হবে।’

তবে স্থানীয়দের দাবি, যেহেতু বাসটি দীর্ঘদিন ধরে বন্ধ অবস্থায় সেখানে পড়ে ছিল, তাই কেউ আগুন না দিলে এমন অগ্নিকাণ্ড ঘটার কারণ নেই।