বিএনপি-জামায়াত-এনসিপিসহ ১২ দলের সঙ্গে ইসির বৈঠক আজ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপ চালিয়ে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এর অংশ হিসেবে আজ বুধবার (১৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে বিএনপি, জামায়াত, এনসিপিসহ মোট ১২টি রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময়ে বসছে সংস্থাটি।

ইসির নির্ধারিত সময়সূচি অনুযায়ী, সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত জামায়াতে ইসলামী, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (বিএমজেপি), ইনসানিয়াত বিপ্লব, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণসংহতি আন্দোলন ও জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) প্রতিনিধিদের সঙ্গে আলাপ করবে কমিশন।

দুপুরের বিরতির পর দ্বিতীয় সেশন শুরু হবে দুপুর ২টায়। এই পর্বে বিএনপি, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), গণঅধিকার পরিষদ (জিওপি), নাগরিক ঐক্য, বাংলাদেশ রিপাবলিকান পার্টি (বিআরপি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) – এই ছয় দলের সঙ্গে মতবিনিময়ে অংশ নেবে ইসি।

গত সোমবার (১৭ নভেম্বর) নির্বাচন কমিশনের জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

ইসির মতে, এর আগের তিন দিনে—বৃহস্পতিবার, রোববার ও সোমবার—দুই সেশনে ১২টি করে মোট ৩৬টি দলের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হয়েছে। নতুন দুই দল যুক্ত হওয়ায় বর্তমানে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা দাঁড়িয়েছে ৫৫টি। এ ছাড়া আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত রয়েছে এবং আরও তিনটি দলের নিবন্ধন বাতিল করা হয়েছে।

এই ধারাবাহিক বৈঠকে দলগুলোর মতামত ও সুপারিশ সংগ্রহ করে নির্বাচন প্রক্রিয়া আরও উন্নত করা হবে বলে জানিয়েছে কমিশন।