পঁচাত্তরে জিনাত আমান

উপমহাদেশের বর্ষীয়ান অভিনেত্রী জিনাত আমানের জন্মদিন আজ। তিনি আজ পা রাখলেন পঁচাত্তরে (প্লাটিনাম জয়ন্তীতে)। ১৯৫১ সালের ১৯ নভেম্বর ভারতের মুম্বাই শহরে জন্মগ্রহণ করেন জীবন্ত এই কিংবদন্তির। শুধু অভিনেত্রীই নয়, ভারতীয় পেশাদার সুপারমডেল ও জনপ্রিয় এই অভিনেত্রী। ১৯৭০ সালে মিস ইন্ডিয়া সুন্দরী প্রতিযোগিতায় দ্বিতীয় রানার আপ হয়ে একই বছরে মিস এশিয়া প্যাসিফিকে অংশ নিয়ে শিরোপা জয় করেন জিনাত আমান। 

বলিউডে আশি দশকের পর্দা কাঁপানো আবেদনময়ী এই নায়িকা আলোচনায় আসেন আকষর্ণীয় ফিগার আর খোলামেলাভাবে উপস্থাপনের কারণে। বতর্মানে দুই ছেলে আজান এবং জাহানের দায়িত্ব পালন করছেন তিনি।বলিউডের বহুল আলোচিত ‘ডন’ ছবিটির মাধ্যমে জিনাত আমানকে আপন করে নিয়েছিল হিন্দি সিনেমার দশর্করা। ছবিটিতে ‘রোমা’ চরিত্রে তার অভিনয় যতই ‘জংলী বিল্লী’ ধাঁচের হোক না কেন, ব্যক্তি জীবনে তিনি নিতান্তই আলাদা। 

যৌবনে আলোচনায় ছিলেন, তবে বয়স বাড়ার কালে একটু একটু করে আড়ালেও চলে গিয়েছিলেন ‘পুকার’ খ্যাত এই তারকা।জিনাত আমান কয়েক বছর আগে আলোচনায় আসেন অমর খান্না সরফরাজ নামের মুম্বাইয়ের এক ব্যবসায়ীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করে। তার অভিযোগের প্রেক্ষিতে রাতেই অমরকে গ্রেপ্তার করে পুলিশ। বলিউডে যাতায়াতের সূত্রেই অমরের সঙ্গে পরিচয় জিনাতের। এই রিয়েল এস্টেট ব্যবসায়ীর সঙ্গে ৬৮ বছরের অভিনেত্রীর সম্পর্কও বেশ ভালো ছিল। কিন্তু কয়েক মাস আগে দুই পরিবারের মধ্যে কথাবার্তা বন্ধ হয়ে গেলে ওই ব্যবসায়ী জিনাতকে উত্ত্যক্ত করতে থাকে। জোর করে জিনাতের বাড়িতে ঢোকারও চেষ্টা করে। বিষয়টি নিয়ে পরে পুলিশের দ্বারস্থ হন জিনাত। 

তবে প্লাটিনাম জয়ন্তী হলেও এবারের জন্মদিন নিয়ে আহামরি কোনো আয়োজন নেই বলে গণমাধ্যমকে জানিয়েছেন তিনি। সন্তানদের নিয়ে একান্ত ঘরোয়া পরিবেশেই পালিত হবে আজকের দিনটা। তবে সহকর্মী, কাছের মানুষদের শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন তিনি।