মঈন খান

নির্বাচনে ইসির নিজস্ব কর্মকর্তা হোক রিটার্নিং অফিসার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন কমিশনের নিজস্ব কর্মকর্তাদের রিটার্নিং কর্মকর্তা নিযুক্ত করার দাবি জানিয়েছে বিএনপি। 

বুধবার (১৯ নভেম্বর) আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপ শেষে দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান এই দাবি পুনর্ব্যক্ত করেন।

সংলাপ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ড. মঈন খান বলেন, নির্বাচন কমিশনের নিজস্ব কর্মকর্তাকে রিটার্নিং কর্মকর্তা বানানোর জোর দাবি জানিয়েছি। তিনি জেলা প্রশাসককে ‘জেলা সেবক’ আখ্যা দিয়ে প্রশাসনের পরিবর্তে নির্বাচন কমিশনের স্বাধীন কর্মকর্তাদের এই দায়িত্ব দেওয়ার গুরুত্বারোপ করেন।

নির্বাচনী নিয়ম-কানুন প্রসঙ্গে বিএনপির এই শীর্ষ নেতা সতর্ক করে বলেন, নিয়ম-কানুনের বেড়াজাল বাড়ালে সমস্যা বাড়বে। প্রার্থীরা অঙ্গীকারনামা ভঙ্গ করলে তার শাস্তি কী হবে, তা স্পষ্ট আচরণবিধিতে নেই। নিয়ম-কানুন না বাড়িয়ে প্রার্থী এবং ভোটারদের মোটিভেট করার আহ্বান জানিয়েছি।

তিনি ধর্মীয় বিষয়ে নির্বাচন কমিশনের সজাগ দৃষ্টি রাখারও অনুরোধ জানান। ড. মঈন খান জোর দিয়ে বলেন, কমিশন সরকারের প্রতি নতজানু হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তবে সব ধরনের নিয়ম-কানুন মেনে নির্বাচনে অংশগ্রহণের প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেন তিনি।

ড. আব্দুল মঈন খান বলেন, নির্বাচনের আচরণবিধি মেনে ভোটে অংশ নেবে বিএনপি। তবে তিনি আচরণবিধির শাস্তি সংক্রান্ত বিধান অস্পষ্ট হওয়ার বিষয়টি উল্লেখ করে মন্তব্য করেন, যত নিয়মনীতি তৈরি হবে লঙ্ঘনের প্রবণতা তত বাড়বে।

উল্লেখ্য, নির্বাচন কমিশনের সঙ্গে চলমান সংলাপের এটিই শেষ পর্ব ছিল, যেখানে বিভিন্ন রাজনৈতিক দল তাদের মতামত ও প্রস্তাব উপস্থাপন করছে।