ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাসচাপায় ট্রাক চালকের মৃত্যু

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার চান্দিনায় মিয়ামী পরিবহনের একটি বাসের ধাক্কায় কবির হোসেন (৪০) নামের এক ড্রামট্রাক চালকের মৃত্যু হয়েছে। বুধবার (১৯ নভেম্বর) দুপুরে উপজেলার কুটুম্বপুর বাস স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত কবির হোসেন কুটুম্বপুর গ্রামের মৃত আব্দুল কাদিরের ছেলে। 

এলাকাবাসী সূত্রে জানা যায়, বুধবার সকালে কবির হোসেন তার ড্রামট্রাকটি কুটুম্বপুর বাস স্টেশনে পার্কিং করে বাড়িতে চলে য়ায়। পরে দুপুরের দিকে বাড়ি থেকে ফিরে এসে সড়ক বিভাজন পার হয়ে ড্রামট্রাকের দিকে যাচ্ছিলেন। এমন সময় মিয়ামী পরিবহনের দ্রুতগতির একটি বাস তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ বিষয়ে ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমীন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এদিকে দুর্ঘটনার পর বাসটি জব্দ করেছে পুলিশ।