রাউজানে অবৈধ অস্ত্রসহ গ্রেপ্তার ৩ 

চট্টগ্রামের রাউজানে আগ্নেয়াস্ত্রসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ নভেম্বর) রাতে অভিযান চালিয়ে নোয়াপাড়া ইউনিয়নের চৌধুরীহাট এলাকা থেকে জহির আহাম্মদ (৫২), মো. সাকিবুল ইসলাম (২২), মো. রানাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, চৌধুরীহাট মুসলিম হাই স্কুলের পাশে অভিযান চালিয়ে দোকানদার জহির আহাম্মদকে গ্রেপ্তার করে। পরবর্তীতে দোকানের পাশ থেকে ১টি বিদেশি পিস্তল, ২ রাউন্ড গুলি ভর্তি ২টি ম্যাগাজিন জব্দ করা হয়। জহিরের তথ্যের ভিত্তিতে পটিয়ার হাইদগাঁও মাইজপাড়া এলাকা থেকে আসামি মো. সাকিবুল ইসলাম ও রানাকে গ্রেপ্তার করা হয়।

চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার রাসেল জানান, রাউজানে অভিযান চালিয়ে জহির আহমদ নামে এক ব্যক্তির দোকানের পাশ থেকে একটি বিদেশি পিস্তল ও গুলি জব্দ করা হয়। পাশাপাশি একজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তার তথ্যের ভিত্তিতে চট্টগ্রামের পটিয়া উপজেলা থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়।

জেলা পুলিশের অন্যতম শীর্ষ এই কর্মকর্তা আরও জানান, চট্টগ্রাম জেলা গোয়েন্দা শাখা এবং রাউজান থানার অভিযানে নভেম্বরে অস্ত্র আইনে মামলা হয়েছে মোট ৫টি। আসামি গ্রেপ্তার হয়েছে ৮ জন। বিভিন্ন অভিযানে দেশি- বিদেশি আগ্নেয়াস্ত্র ১৬টি, দেশিয় অস্ত্র ৮টি, গুলি ৭৫ রাউন্ড ও ২৪টি কার্তুজ জব্দ করা হয়।