মুন্সীগঞ্জের সিরাজদীখানে পুলিশের সামনেই নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ব্যানারে মিছিল করার ঘটনায় সন্ত্রাস বিরোধী আইনে ৩১৬ জন নেতাকর্মীর বিরুদ্বে মামলা রুজু করা হয়েছে।
বুধবার (১৯ নভেম্বর) সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র ও রাষ্ট্রে ক্ষতিসাধন ও রাষ্ট্রবিরোধী কবর্মকাণ্ডের অভিযোগ এনে এসআই নাহিদ মাসুদ বাদী হয়ে জেলার সিরাজদীখান থানায় এ মামলা দায়ের করেন। মামলায় জেলার সিরাজদীখান উপজেলার বাসাইল ইউনিয়ন যুবলীগের সদস্য মো. মন্টু ভূঁইয়াকে প্রধান আসামী করে ৬৪ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাত ২০০ থেকে ২৫০ জনকে আসামী করা হয়।
এ দিকে, মিছিল করার ঘটনায় এ পর্যন্ত যুবলীগ ও ছাত্রলীগের ১০ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার দুপুরে বিভিন্ন স্থানে অভিযান পুলিশ উপজেলার মালখানগর ইউনিয়ন যুবলীগের সভাপতি মকবুল দেওয়ান (৫৪), কর্মী সোহেল শেখ (৩৫) ও বাসাইল ইউনিয়ন যুবলীগ সদস্য মো. মন্টু ভূঁইয়াকে (৩০) গ্রেপ্তার করে। পরে ওইদিন দিবাগত রাত ভর অভিযান চালিয়ে বিভিন্ন স্থান থেকে আরও ৭ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে।
সিরাজদীখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবু বকর সিদ্দিক জানান, মঙ্গলবার সকাল ৯ টার দিকে বাসাইল ইউনিয়নের ইমামগঞ্জ বাজারে নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে লাঠিসোঁটা নিয়ে মিছিল বের করে সরকার বিরোধী নানা শ্লোগান দেয়। এ ঘটনায় গতকাল বুধবার সকালে সিরাজদীখান থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা রুজু করা হয়েছে। ইতোমধ্যে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মিছিলের সঙ্গে জড়িত ১০ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হন।
তিনি আরও বলেন মিছিলের ঘটনায় দায়িত্ব অবহেলার অভিযোগে সিরাজদীখান থানার এসআই কামরুজ্জামান সিকদারকে সাময়িক বরখাস্ত এবং কনস্টেবল মো. শফি ও বাদশা মিয়াকে প্রত্যাহার করা হয়।