হেফাজতে থাকা আসামির বক্তব্য প্রচার, ব্যাখ্যা দিলেন আরএমপি কমিশনার

রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আব্দুর রহমানের ছেলেকে হত্যা ও তার স্ত্রীকে হত্যাচেষ্টার ঘটনায় গ্রেপ্তার লিমন মিয়া (৩৪) পুলিশ হেফাজতে থাকা অবস্থায় কিভাবে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন, তার ব্যাখ্যা দিয়েছেন রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান।

আজ বুধবার সকালে তিনি রাজশাহী মহানগর ম্যাজিস্ট্রেট আদালত-৫ এ হাজির হয়ে ব্যাখা দেন। এ নিয়ে আগামী ১ ডিসেম্বর আদালত আদেশ দিতে পারেন বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী।

এদিন সকাল ১০টার দিকে পুলিশ কমিশনার আবু সুফিয়ান সাদা পোশাকে আদালতে যান। এ সময় তার আইনজীবী জমসেদ আলী আদালতকে লিখিতভাবে ঘটনার ব্যাখ্যা দেন এবং এ ঘটনায় করা বিবিধ মামলা থেকে পুলিশ কমিশনারকে অব্যহতি দেওয়ার আবেদন জানান। এ সময় আদালতের ম্যাজিস্ট্রেট আশিকুর রহমান আবেদন গ্রহণ করে আদেশ দেওয়ার জন্য রাখেন।

অ্যাডভোকেট জমশেদ আলী জানান, পুলিশ হেফাজতে থাকা অবস্থায় একজন সাংবাদিক অভিযুক্ত লিমন মিয়ার বক্তব্য ক্যামেরায় ধারণ করে তা প্রচার করেন। এটি করা যায় না। তাই আদালত বিষয়টি জানতে আরএমপি কমিশনারকে তলব করেছিলেন। পুলিশ কমিশনার আদালতের প্রতি সম্মান দেখিয়ে লিখিত জবাব দিয়েছেন। জবাবে তিনি আদালতকে জানিয়েছেন, এ ঘটনায় দায়ী পুলিশ সদস্যদের বিরুদ্ধে দাপ্তরিক ব্যবস্থা নেওয়া হয়েছে। তাই তিনি অভিযোগ থেকে অব্যাহতির আবেদন করেছেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আলী আশরাফ মাসুম জানান, পুলিশ কমিশনার তার ব্যাখায় বলেছেন, আসামি লিমন মিয়াকে হাসপাতালে আটকের পর সেখানে অনেক মানুষেরই ভিড় ছিল। সে সুযোগে লিমন মিয়া ক্যামেরার সামনে কথা বলেন। সে সময় দায়িত্বরত পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে আইনজীবীর মাধ্যমে আদালতকে জানান আরএমপি কমিশনার। দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়। আদালতে চলমান বিবিধ মামলা থেকে পুলিশ কমিশনারকে অব্যাহতির জন্য আবেদন জানানো হয়েছে।