জকসু নির্বাচনে শিবিরের প্যানেলে গুমের শিকার নূর নবী

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনে শিবিরসমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেল থেকে প্রার্থী ঘোষণা করা হয়েছে। 

সেই তালিকায় রয়েছেন নূর নবী, যিনি গত জুলাইয়ের আন্দোলনের সময় গুম হওয়া শিক্ষার্থীদের একজন হিসেবে আলোচনায় ছিলেন। তিনি মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র বিষয়ক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবনের নিচতলায় আয়োজিত সংবাদ সম্মেলনে প্যানেলের নাম ঘোষণা করা হয়।

সূত্র জানায়, নূর নবী ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র–জনতার আন্দোলনে জবি শাখার প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করেন। আন্দোলনের মধ্যেই গত বছরের ১৯ জুলাই বিশ্ববিদ্যালয় এলাকার সামনে থেকে তাকে গোয়েন্দা পুলিশের সদস্যরা আটক করে। 

পরে ডিবি হেফাজতে নির্যাতনের ফলে তার এক হাত ভেঙে যায় বলে অভিযোগ উঠে। সেই সঙ্গে ‘রিমান্ডের নামে’ শারীরিক ও মানসিক নিপীড়নের অভিজ্ঞতার মধ্য দিয়েও যেতে হয় তাকে।

পরবর্তীতে গত বছরের পাঁচ আগস্ট দায়িত্ব থেকে সরে দাঁড়ান নূর নবী। পরে বৈষম্যবিরোধী আন্দোলন থেকে গড়ে ওঠা ‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদে’ (বাগছাস) তিনি যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পান। 

তবে চলতি বছরের দুই আগস্ট অভ্যন্তরীণ অসঙ্গতি ও নেতৃত্ব সংকটের অভিযোগ তুলে ওই পদ থেকেও পদত্যাগ করেন তিনি।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নানা আন্দোলন, বিশেষত যমুনা নদী সংক্রান্ত দাবিতে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচিতে, নূর নবী শুরু থেকেই সক্রিয় ছিলেন বলে পরিচিত।