বিরামপুর রেলস্টেশনে কুড়িগ্রাম ও পঞ্চগড় আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি, অন্যান্য ট্রেনের আসনসংখ্যা বৃদ্ধি, জিআরপি পুলিশ ফাঁড়ি স্থাপন এবং স্টেশনসংলগ্ন রেলগেট সম্প্রসারণের দাবিতে বুধবার (১৯ নভেম্বর) বিরামপুর রেলস্টেশনে পেশাজীবী ঐক্য ফ্রন্ট মানববন্ধন ও সমাবেশ করেছে।
সকাল সাড়ে ১০টায় ঢাকাগামী ডাউন কুড়িগ্রাম এক্সপ্রেস বিরামপুর রেলস্টেশনে পাঁচ মিনিট দাঁড়িয়ে দাবির প্রতি সমর্থন জানায়। এ সময় লোকোমাস্টারকে মিষ্টিমুখ করানো হয় এবং স্মারকলিপি প্রদান করা হয়।
মানববন্ধন চলাকালে বিরামপুর পেশাজীবী ঐক্য ফ্রন্টের আহ্বায়ক রফিকুল ইসলাম সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য আনোয়ারুল ইসলাম, পৌর যুবদলের সদস্য সচিব পলাশ বিন আশরাফি, বিএনপি নেতা ওহেদুজ্জামান, দিনাজপুর দক্ষিণ অঞ্চল উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, বিরামপুর প্রেসক্লাবের সভাপতি মোরশেদ মানিক, সাবেক সভাপতি আকরাম হোসেন, সংগঠক মাহমুদুল হক মানিক, পুরাতন বাজার বহুমুখী ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নাজমুস সাকিব সোহেল, ক্রীড়া সংগঠক মশফিকুর রহমান লিটন, দর্জি কারিগর সমিতির সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন এবং অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, বিরামপুর, নবাবগঞ্জ, হাকিমপুর, রংপুরের পীরগঞ্জ ও মিঠাপুকুর উপজেলার যাত্রীরা এই রেলস্টেশন ব্যবহার করেন। বিপুল সংখ্যক যাত্রীর সুবিধার্থে এবং সরকারি রাজস্ব বৃদ্ধির লক্ষ্যে বিরামপুর রেলস্টেশনে পঞ্চগড় ও কুড়িগ্রাম আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি বাস্তবায়ন জরুরি। পরে বিরামপুর উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান করা হয়।