নীলফামারীতে চার নারী ফুটবলারের মাঝে সাইকেল বিতরণ

নীলফামারী জেলা পরিষদের উদ্যোগে আব্দুল ওয়াহাব ফুটবল একাডেমির চারজন নারী ফুটবলারকে সাইকেল প্রদান করা হয়েছে। বুধবার (১৯ নভেম্বর) দুপুরে জেলা পরিষদ অডিটোরিয়ামে প্রধান অতিথি জেলা পরিষদের প্রশাসক ও জেলা প্রশাসক মোহাম্মদ নায়ীরুজ্জামান তাঁদের হাতে সাইকেল তুলে দেন।

জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর রায়ের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট আবু মোহাম্মদ সোহায়েম, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার রায়হান উদ্দিন ও ক্রীড়া সংগঠক আব্দুস সালাম বাবলা উপস্থিত ছিলেন।

এ ছাড়া একই অনুষ্ঠানে চারটি ক্রিকেট প্রশিক্ষণ কেন্দ্র—নীলফামারী ক্রিকেট একাডেমি, নজরুল স্মৃতি ক্রিকেট একাডেমি, ইলেভেন স্টার ক্রিকেট একাডেমি এবং অরুণ উদয় ক্রিকেট একাডেমির মাঝে ক্রিকেট সামগ্রী, শিক্ষার্থীদের মাঝে স্কুলব্যাগ এবং একটি সংগঠনের মাঝে সাংস্কৃতিক উপকরণ বিতরণ করা হয়।