চেনা লুকেই মিতিন মাসি

আসছে বড়দিনে মুক্তি পাচ্ছে টলিউড কুইন-খ্যাত কোয়েল মল্লিকের বহুল আলোচিত ‘মিতিন মাসি’ ফ্র্যাঞ্চাইজির নতুন ছবি ‘মিতিন একটি খুনির সন্ধানে’। অরিন্দম শীল পরিচালিত এই কিস্তিতে চেনা সেই ছন্দেই হাজির হচ্ছেন কোয়েল মল্লিক। পূর্ব ঘোষণা অনুযায়ী গতকাল বুধবার দুপুরে প্রকাশ্যে এলো চলচ্চিত্রটির অফিশিয়াল মোশন পোস্টার। সেই সঙ্গে প্রকাশ্যে আনা হলো কোয়েলেরও নতুন লুক। নির্মাতাদের ভাষায়, ‘একটি খুন, অজস্র মুখোশ। সত্যের সন্ধানে আবার ফিরছে মিতিন।’ মোশন পোস্টারে দেখা যাচ্ছে, একটি ছাই ছাই রঙের শাড়ি পরে খোলা চুলে দাঁড়িয়ে রয়েছেন কোয়েল। হাতে বন্দুক, চোখে চশমা, চাহনিতে বুদ্ধিদীপ্ততা। ছবির নেপথ্যে দেখতে পাওয়া যাচ্ছে একটি পুরনো ভগ্নপ্রায় বাড়ি এবং দুই দিকে দুটি ট্রাম। নিচে লাল রঙে বড় বড় করে লেখা মিতিন, নিচে ছোট করে লেখা একটি খুনির সন্ধানে। সুচিত্রা ভট্টাচার্যের গল্প অবলম্বনে তৈরি করা সিনেমার সংগীত পরিচালনা করেছেন জিৎ গাঙ্গুলি। এর আগে সিনেমার নাম প্রকাশ্যে এনে কোয়েল বেশ কয়েকটি ছবি পোস্ট করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা গিয়েছিল আগামী ছবির প্রমোশন নিয়ে ভীষণ ব্যস্ত তিনি। কোয়েলের সঙ্গে ছিলেন তার স্বামী নিসপাল সিং। ছিলেন ছবির পরিচালক অরিন্দম শীলও।

সিনেমার গল্পে দেখা যাবে এক মহিলার স্বামী হঠাৎ নিখোঁজ হয়ে যান। আতঙ্কে এবং হতাশায় ভেঙে পড়া স্ত্রী সাহায্যের জন্য দ্রুত যোগাযোগ করে মিতিনের সঙ্গে। এরপরই সামনে আসে এক খুনের ঘটনা। মিতিন যত এগোতে থাকে, ততই বেরিয়ে আসে আরও অনেক গল্প, আরও সন্দেহভাজন ফের সে ফিরে আসে তার স্বভাবসুলভ অ্যাকশনে। রহস্য এবং প্রতিটি মোড়ে লুকিয়ে থাকা অদ্ভুত সব চমক ‘মিতিন একটি খুনির সন্ধানে’-কে নিয়ে আগ্রহ চতুর্দিকে। কোয়েলের সঙ্গেই এই ছবিতে দেখা যাবে শুভ্রজিত্ দত্ত, লেখা চ্যাটার্জি, সাহেব চ্যাটার্জি, কনীনিকা ব্যানার্জি, শতাফ ফিগার, রোশনি ভট্টাচার্য, গৌরব চক্রবর্তী, অনসূয়া মজুমদার, দুলাল লাহিড়ীর মতো একাধিক জনপ্রিয় শিল্পী। গোয়েন্দাধর্মী এই মুভিতে রয়েছে ভরপুর অ্যাকশন। গত বছর সেই অ্যাকশন দৃশ্যের শুটিংয়ের সময় হাতও ভেঙে যায় কোয়েলের। তবে দমে থাকার পাত্রী নন নায়িকাও। সুস্থ হতেই আবার শুটিং ফ্লোরে ফেরেন তিনি। পরিচালকের নির্দেশ মতো শেষ করেন ছবির কাজ।