বৃদ্ধাশ্রমে কাটবে বুবলীর জন্মদিন

প্রায় এক মাসেরও বেশি সময় যুক্তরাষ্ট্রে অবকাশ যাপন করে দেশে ফিরেই নানামুখী ব্যস্ততার জালে জড়িয়েছেন চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী। চুক্তিবদ্ধ হয়েছেন নতুন একটি সিনেমাতেও। তবে নতুন সিনেমাটির কাজ শুরু হতে কিছুটা সময় নিলেও হাতে জমে থাকা দুটি সিনেমার কাজ শেষ করছেন বুবলী। এদিকে আজ  এই তারকার জন্মদিন। প্রতিবছর এই দিনে বাবা-মা ও একমাত্র সন্তান শেহজাদ-সহ পরিবারের অন্যদের সঙ্গেই কাটান। তবে এবারের জন্মদিনের দুপুরে তিনি রাজধানীর একটি বৃদ্ধাশ্রমে কাটাবেন। বৃদ্ধাশ্রমে অবস্থানরত মুরব্বিদের সঙ্গে তিনি কেক কাটবেন, দুপুরের খাবার খাবেন, প্রত্যেকের জন্য আলাদা উপহার নিয়ে যাবেন এবং গল্প আড্ডায় মেতে উঠবেন। বৃদ্ধাশ্রমে অবস্থানরত অসহায় বাবা-মায়ের সঙ্গে সময় কাটানোর এই পরিকল্পনাটা বেশ আগেরই বলে জানান বুবলী।

বুবলী বলেন, ‘সত্যি বলতে কী আমার জন্মদিন আসার আগে থেকেই দেশ-বিদেশ থেকে অগুনতি ভক্ত-দর্শকের শুভেচ্ছায় সিক্ত হতে থাকি প্রতি মুহূর্তেই। বিশেষ করে জন্মদিনের দিন এত শুভেচ্ছা আসতে থাকে যে প্রত্যেকের শুভেচ্ছা বা মেসেজ আলাদা করে উত্তর দেওয়া খুব কঠিনই হয়ে পড়ে। তবে এটা সত্যি প্রত্যেকটা  মেসেজই আমি মন দিয়ে পড়ি, আমার প্রতি আমার ভক্ত-দর্শকের ভালোবাসা আমাকে আবেগাগ্লুত করে তোলে। এবারের জন্মদিন পরিবারের সঙ্গেই কাটবে। তবে দুপুরের সময়টা আমি বৃদ্ধাশ্রমে কাটাতে চাই সিনিয়র সিটিজেনদের সঙ্গে। কারণ আমি তো জন্মদিনে বিশেষ বিশেষ উপহার পেয়েই

থাকি। আমি সেইসব সিনিয়র সিটিজেনদের জন্য কিছু উপহার নিয়ে যেতে চাই এবং তাদের সঙ্গে কেক কাটা, দুপুরে খাওয়াসহ অনেকটা সময় গল্প-আড্ডায় মেতে থাকতে চাই। মানুষের তো একটাই জীবন। এই এক জীবনে আমি অনেক কিছু পেয়েছি, অনেক মানুষের ভালোবাসা, স্নেহ পেয়েছি। কিন্তু বৃদ্ধাশ্রমে যে বাবা-মায়েরা আছেন তাদের হয়তো জীবনে অনেক কিছুই পাওয়ার ছিল, কিন্তু হলো না। আমি না হয় কিছুটা সুন্দর সময় তাদের উপহার দিলাম। আর সেইসব বাবা-মায়েদের কাছ থেকে একটু দোয়া নিয়ে এলাম।’

বুবলী বর্তমানে জাহিদ জুয়েলের ‘পিনিক’ ও লাজুকের ‘শাপলা শালুক’ সিনেমার গানসহ কিছু সিকোয়েন্সের কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন।