আজ থেকে ৩৬ ঘণ্টার হরতাল রাঙ্গামাটিতে

রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে নিয়োগ প্রক্রিয়ায় কোটা বৈষম্য ও অনিয়মের প্রতিবাদে আজ বৃহস্পতিবার ও আগামী শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত হরতাল কর্মসূচি ঘোষণা করেছে কোটাবিরোধী ঐক্যজোট, রাঙ্গামাটির সাধারণ শিক্ষার্থী ও সচেতন নাগরিকরা। গতকাল বুধবার বিকেলে শহরের একটি রেস্তোরাঁয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা করা হয়।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন শিক্ষার্থী ইব্রাহিম রুবেল, বৈষম্যবিরোধী ছাত্র সংগঠনের নেতা রাকিব হাসান, শিক্ষার্থী নুরুল আলম, রুবেল হোসেন, রেজাউল করিম রাজু ও ইমাম হোছাইন।

তারা বলেন, ‘জেলা পরিষদে কোটা বৈষম্য বাদ দিয়ে সঠিকভাবে নিয়োগ দেওয়ার জন্য আমরা শান্তিপূর্ণভাবে দাবি জানানোর পরেও রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ কর্র্তৃপক্ষ কোনো ধরনের সমাধান দেয়নি। বাধ্য হয়েই আমরা হরতাল কর্মসূচি দিয়েছি।’