তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনরুজ্জীবিত করেছেন আপিল বিভাগ। একই সঙ্গে তত্ত্বাবধায়ক সরকার সংক্রান্ত ত্রয়োদশ সংশোধনী বাতিল করে ১৫ বছর আগে দেওয়া রায় বাতিল ঘোষণা করেছেন দেশের সর্বোচ্চ আদালত।
প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে গঠিত ৭ সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর) এই রায় ঘোষণা করেন। আদালত বলেছেন, সংবিধানের চতুর্থ ভাগের পরিচ্ছদ ২ (ক)-এর নির্দলীয় সরকার–সম্পর্কিত বিধানবলি, যা সংবিধানের ত্রয়োদশ সংশোধনী আইনের ৩ ধারায় সন্নিবেশিত হয়েছিল। আজকের রায়ের মাধ্যমে তা পুনরুজ্জীবিত ও সক্রিয় করা হলো। নির্দলীয় সরকার–সম্পর্কিত বিধানবলি কেবল ভবিষ্যৎ প্রয়োগযোগ্যতার ভিত্তিতে কার্যকর হবে।
রায়ে বেঞ্চের অপর সদস্যরা ছিলেন- বিচারপতি মো. আশফাকুল ইসলাম, বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, বিচারপতি মো. রেজাউল হক, বিচারপতি এস এম ইমদাদুল হক, বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি ফারাহ মাহবুব। এদিকে রায়ের প্রতিক্রিয়ায় আইনজীবীরা বলেছেন, সর্বোচ্চ আদালতের রায়ে তত্ত্বাবধায়ক সরকার ফিরলেও কার্যকর হবে চতুর্দশ সংসদ নির্বাচনের সময়।
রায় ঘোষণার সময় আইনজীবী ও গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে আপিল বিভাগের এজলাস কক্ষ কানায় কানায় পূর্ণ ছিল।
গত ২৭ আগস্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা চেয়ে করা আবেদনের শুনানি শেষে আপিলের অনুমতি দেওয়া হয়। এরপর গত ২১, ২২, ২৩, ২৮, ২৯ অক্টোবর, ২, ৪, ৫ ,৬ ও ১১ নভেম্বর শুনানি হয়।
রায়ের মাধ্যমে এখন এটি সংবিধানে বহাল হলেও ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারে কোনো প্রভাব পড়বে না। ত্রয়োদশ তথা ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় নির্বাচন ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারের অধীনেই হবে।