ব্রাজিলিয়ান সিরি–এ লিগে গুরুত্বপূর্ণ ম্যাচে নেইমারের দুর্দান্ত শুরুর গোলও সান্তোসকে পূর্ণ পয়েন্ট এনে দিতে পারেনি। বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোরে ভিলা বেলমিরোতে মিরাসোলের সঙ্গে ১–১ গোলে ড্র করে অবনমন শঙ্কাতেই থেকে গেল ঐতিহ্যবাহী ক্লাবটি।
ম্যাচের শুরুতেই দর্শকদের মাঝে উচ্ছ্বাস ছড়ান নেইমার। মাত্র ৩ মিনিটে লাউতারো দিয়াসের তৈরি করে দেওয়া সুযোগ দুর্দান্ত গতিতে এগিয়ে গিয়ে নিখুঁত ফিনিশিংয়ে জালে জড়ান তিনি। গত ৪ আগস্টের পর এটিই ছিল তার প্রথম গোল—প্রায় তিন মাসের গোল-খরা ভাঙলেন ব্রাজিলিয়ান তারকা।
প্রথমার্ধে সান্তোস খেলার গতি ও নিয়ন্ত্রণ ধরে রাখলেও ব্যবধান বাড়াতে পারেনি। বাররিয়াল একবার পেনাল্টি পেয়েও ভিএরআরে সিদ্ধান্তে তা বাতিল হয়।
বিরতির পর ম্যাচের চিত্র বদলে যায়। মিরাসোল আক্রমণে আরও ধাঁরাল হয়ে ওঠে। ৫৫ মিনিটে নেইমারের সঙ্গে সংঘর্ষে রেইনালদো পড়ে গেলে ভিএআর দেখে পেনাল্টি দেন রেফারি। সেখান থেকেই সমতায় ফেরে মিরাসোল—রেইনালদোর সোজাসাপ্টা শটে কোনও সুযোগই পাননি সান্তোস গোলরক্ষক। শেষ মুহূর্তে সান্তোস চাপ তৈরি করলেও জয় ছিনিয়ে আনতে ব্যর্থ হয়।
এই ড্রয়ে সান্তোসের পয়েন্ট হলো ৩৭। অবনমন অঞ্চলের ঠিক ওপরেই তাদের অবস্থান। তাদের থেকে মাত্র এক পয়েন্ট পিছনে রয়েছে ভিতোরিয়া। অন্যদিকে ৬০ পয়েন্ট নিয়ে মিরাসোল শীর্ষ পর্যায়ের প্রতিযোগিতায় দারুণ ছন্দে আছে এবং সাও পাওলো পরের ম্যাচ না জিতলে তাদের লিবার্তাদোরেস নিশ্চিত হয়ে যাবে।