ভারতীয় ক্রিকেটের দুই সুপারস্টার বিরাট কোহলি ও রোহিত শর্মা নাকি টেস্ট ক্রিকেট ছাড়তে চাননি; দলীয় পরিবেশ খারাপ হওয়ায় বাধ্য হয়েই অবসর নিতে হয়েছে তাদের। সম্প্রতি এই বিস্ফোরক দাবি তুলেছেন ভারতের সাবেক ক্রিকেটার মনোজ তিওয়ারি। চলতি বছরের মে মাসে ইংল্যান্ড সিরিজের আগে এক সপ্তাহের ব্যবধানে টেস্ট থেকে অবসরের ঘোষণা দেন দুই সিনিয়র ক্রিকেটার।
ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীর সম্প্রতি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্ট হারের পর দলের ‘ট্রানজিশন’ প্রসঙ্গ তুলেছিলেন। তবে তিওয়ারির মতে, ট্রানজিশনের আলোচনা ভারতের মতো দেশে ভিত্তিহীন। তিনি বলেন, দেশের ঘরোয়া ক্রিকেটে প্রতিভার অভাব নেই। তাই ট্রানজিশনকে কারণ দেখিয়ে সিনিয়রদের সরিয়ে দেওয়ার প্রয়োজন ছিল না।
স্থানীয় গণমাধ্যমকে মনোজ তিওয়ারি বলেন, ‘এই ট্রানজিশন কথাটা আমি মানি না। নিউজিল্যান্ড বা জিম্বাবুয়ের ট্রানজিশন লাগে—ভারতের নয়। আমাদের কাছে প্রচুর প্রতিভা আছে। কিন্তু এই অপ্রয়োজনীয় ট্রানজিশনের কারণে বিরাট ও রোহিত—যারা টেস্ট খেলেই যেতে চেয়েছিল এবং ফরম্যাটটাকে বাঁচাতে চেয়েছিল—ধীরে ধীরে সরে দাঁড়াতে বাধ্য হয়!’
গম্ভীর ব্যাটসম্যানদের স্পিন–টেকনিককে দোষারোপ করায় ক্ষুব্ধ তিওয়ারি মনে করিয়ে দেন—দলের দুর্বলতা দেখলে সেগুলো ঠিক করার দায়িত্ব কোচেরই। তিনি বলেন, ‘ম্যাচ হেরে খেলোয়াড়ের টেকনিক দোষ দিলে চলবে না। কোচের কাজ শেখানো, দোষ দেওয়া নয়। যদি ডিফেন্স দুর্বল হয়, আগে থেকে কেন প্রশিক্ষণ দেওয়া হয়নি? গম্ভীর নিজেও স্পিনের ভালো খেলোয়াড় ছিলেন—তাহলে শেখাবেন আরও ভালোভাবে। ফল আমাদের পক্ষে আসছে না, এটাই সত্য।’
উল্লেখ্য, কলকাতায় দক্ষিণ আফ্রিকার কাছে প্রথম টেস্ট হেরে সিরিজে পিছিয়ে পড়েছে ভারত। ঘরের মাঠে টানা দ্বিতীয় সিরিজ হারের আশঙ্কা এড়াতে গৌহাটির দ্বিতীয় টেস্টে জয়ের বিকল্প নেই রোহিত–কোহলিহীন দলটির সামনে। প্রথম ম্যাচে টার্নিং উইকেট উল্টো ফল দেওয়ায় এবার পিচ কেমন হবে, সেটিও এখন আলোচনার কেন্দ্রবিন্দু।