ট্রাম্প-মামদানি বৈঠক কাল

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার (২১ নভেম্বর) হোয়াইট হাউসে নিউ ইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানির সঙ্গে বৈঠক করবেন। মামদানি মেয়র নির্বাচিত হওয়ার পর এটি তাদের প্রথম সাক্ষাৎ।

আগে উভয়েই একে অপরের নীতির সমালোচনা করেছেন। ট্রাম্প মামদানির প্রতিদ্বন্দ্বী অ্যান্ড্রু কুমোরোর পক্ষে সমর্থন জানিয়েছিলেন, আর মামদানি ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতি এবং গাজা সংকট চলাকালীন ইসরায়েলকে মার্কিন সমর্থনের সমালোচনা করেছেন।এছাড়াও রাজনৈতিক পরিচয়ে নিজেকে সমাজতান্ত্রিক হিসেবে দাবি করা মামদানি তার ভিন্নধর্মী নীতির জন্য মার্কিন রিপাবলিকানদের মধ্যে প্রবল সমালোচিত। 

মামদানির একজন মুখপাত্র বলেন, বৈঠকে জননিরাপত্তা, অর্থনৈতিক নিরাপত্তা এবং খরচের সুবিধা বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। নির্বাচনী প্রচারের সময় ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছিলেন, মামদানি মেয়র নির্বাচিত হলে তিনি  নিউ ইয়র্কের কয়েক বিলিয়ন ডলার ফেডারেল তহবিল আটকাতে পারেন। 
 
২০২৬ অর্থবছরে যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকার নিউ ইয়র্ক সিটিকে সাত দশমিক চার বিলিয়ন ডলার প্রদান করবে, যা শহরের মোট বাজেটের প্রায় ছয় দশমিক চার শতাংশ। মামদানি ১ জানুয়ারি ২০২৬ তারিখে মেয়রের শপথ নেবেন।