যশোরের চয়ন হত্যা মামলার ২ আসামি গ্রেপ্তার

যশোরের চাঞ্চল্যকর চয়ন হত্যা মামলার প্রধান ২ আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬।

বুধবার (১৯ নভেম্বর) রাতে শহরের পালবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। 

আসামিরা হলেন- মানিক কুমার ও মুক্ত কুমার। তারা সদর উপজেলার সানতলা গ্রামের কৃষ্ণ কুমারের ছেলে। 

মামলার এজাহারে জানা যায়, গত ২৩ ফেব্রুয়ারি সদর উপজেলার চুড়ামনকাঠি কুন্ডুপাড়ায় একটি নামযজ্ঞ অনুষ্ঠানকে কেন্দ্র করে দুই গ্রামের যুবকদের মধ্যে এ সংঘর্ষ হয়। এতে চয়নের বন্ধু জীবন ও স্বাধীন দাস ছুরিকাহত হন। চয়ন দাস ২৫ ফেব্রুয়ারি রাতে আহত বন্ধুদের দেখতে হাসপাতালে যান পরে ফেরার পথে শানতলায় প্রতিপক্ষের হামলার শিকার হন। তাকে রাস্তার উপর ফেলে গলা চেপে শ্বাসরোধ করে হত্যা করা হয়।

ঘটনার পর চয়নের পিতা নয়ন কুমার যশোর কোতোয়ালী থানায় ১২ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। আটক দু’জনই ঐ মামলার প্রধান আসামি। তারা এতদিন পলাতক ছিলেন। 

যশোর কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত জানান, যশোরের চাঞ্চল্যকর চয়ন হত্যা মামলার প্রধান দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। তারা এতদিন পলাতক ছিলেন। আজ তাদের আদালতে পাঠানো হবে।