কলম্বো সিকিউরিটি কনক্লেভে যোগ দিয়েছেন নিরাপত্তা উপদেষ্টা

ভারতের নয়াদিল্লিতে কলম্বো সিকিউরিটি কনক্লেভে জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সপ্তম সভায় বাংলাদেশের প্রতিনিধি হিসেবে যোগ দিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান। বৃহস্পতিবার (২০ নভেম্বর) এই বৈঠকের আগে তাকে স্বাগত জানান ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মালদ্বীপ, মরিশাস, শ্রীলঙ্কা ও বাংলাদেশসহ সদস্য রাষ্ট্রগুলোর নিরাপত্তা উপদেষ্টাসহ অজিত দোভাল এই বৈঠকে উপস্থিত থাকবেন। সম্মেলনে সেশেলস (ভারত মহাসাগরে অবস্থিত একটি দ্বীপরাষ্ট্র) পর্যবেক্ষক রাষ্ট্র হিসেবে অংশ নেবে এবং মালয়েশিয়াকে অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে।

ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজর (এনএসএ) পর্যায়ে ষষ্ঠ বৈঠক ২০২৩ সালের ডিসেম্বরে মরিশাসে অনুষ্ঠিত হয়। ২০২৪ সালের আগস্টে সদস্য রাষ্ট্রগুলো শ্রীলঙ্কায় সিএসসির প্রতিষ্ঠা নথি স্বাক্ষর অনুষ্ঠানে আবার বৈঠক করে। সিএসসিভুক্ত দেশগুলোর ডেপুটি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজররা (ডিএনএসএএস) নিয়মিত বৈঠক করছেন। ডিএনএসএএস-এর সর্বশেষ সভা গত বছরের জুলাইয়ে ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়েছিল।

এদিকে বুধবার অন্তবর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও রোহিঙ্গা বিষয়ক উচ্চ প্রতিনিধি ড. খলিলুর রহমান ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক করেছেন। নয়াদিল্লির হায়দরাবাদ হাউজে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছে দিল্লিতে অবস্থিত বাংলাদেশের হাইকমিশন।

বৈঠককালে বিভিন্ন দ্বিপাক্ষিক ইস্যু এবং সিএসসি সম্মেলন নিয়ে আলোচনা করেন তারা। দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন জানিয়েছে, ড. খলিলুর রহমান অজিত দোভালকে তার সুবিধামতো সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন। এর আগে মঙ্গলবার রাতে এই আঞ্চলিক ফোরামে যোগ দিতে ড. খলিলুর রহমান নয়াদিল্লি পৌঁছান।