রাজশাহীতে বিচারক পুত্র হত্যা মামলার আসামি আরো ৫ দিনের রিমান্ডে

রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আব্দুর রহমানের ছেলে সুমন হত্যা মামলার একমাত্র আসামি লিমন মিয়ার আরো ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে রাজশাহী মহানগর-৫ আদালতের বিচারক আশিকুর রহমান এই রিমান্ড মঞ্জুর করেন। রাজশাহী মেট্রোপলিটন আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আলী আশরাফ মাসুম এই তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, বিচারকের পুএ হত্যা মামলার আসামি লিমন মিয়াকে ৫ দিনের পুলিশি রিমান্ড শেষে রাজশাহী মহানগর আদালত-৫ এ হাজির করা হয়।  এরপর রাজপাড়া থানা পুলিশ পুনরায় ৭ দিনের রিমান্ড আবেদন করলে বিজ্ঞ আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ১৩ নভেম্বর দুপুরে রাজশাহী নগরীর ডাবতলা এলাকায় মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আবদুর রহমানের ভাড়া বাসায় প্রবেশ করেন লিমন মিয়া। এ সময় তিনি বিচারকের ছেলে তাওসিফ রহমান সুমনকে ছুরিকাঘাতে হত্যা করে এবং বিচারকের স্ত্রী তাসমিন নাহারকে (৪৪) গুরুতর আহত করেন। ঘটনার পরপরই ঐ বাড়ি থেকে আহত অবস্থায় লিমন মিয়াকে আটক করা হয়। পরে তাকে পুলিশ হেফাজতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়া হয়। ১৫ নভেম্বর হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার পর ৫ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ।