ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ক্রয়বিক্রয়কালে ৩৫০ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা হলেন- ঈশ্বরগঞ্জ পৌর এলাকার ৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি ও পৌর যুবলীগের সদস্য মো. শামিম মিয়া (৪৫) এবং সিলেটের বিয়ানীবাজার উপজেলার জালালনগর গ্রামের তোয়াক্কেল আলীর ছেলে সোহেল আহাম্মদ ওরফে সুহেল আহমদ (৪১)।
গ্রেপ্তার যুবলীগ নেতা ঈশ্বরগঞ্জ পৌর শহরের শিমরাইল গ্রামের আব্দুল জাব্বারের ছেলে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকালে গ্রেপ্তার দুইজনকে মাদক মামলা দিয়ে আদালতে সোপর্দ করে ঈশ্বরগঞ্জ থানা-পুলিশ।
এর আগে গত বুধবার দিনগত রাত আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সোহাগী ইউনিয়নের বগাপুতা গ্রামের নির্মাণাধীন ব্রিজ থেকে ইয়াবা ক্রয়বিক্রয়কালে তাদের গ্রেপ্তার করে পুলিশ।
জানা যায়, ঈশ্বরগঞ্জ থানার এসআই রাশেদ মোশারফ, এএসআই মো. মোশারফ হোসেন এবং এএসআই কাঞ্চন মিয়াসহ পুলিশের একটি দল বিশেষ অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করে। অভিযানকালে আরও কয়েকজন মাদক কারবারি ঘটনাস্থল থেকে দৌঁড়ে পালিয়ে যায়।
গ্রেপ্তারের পর যুবলীগ নেতা শামীমের দেহ তল্লাশি করে তার পরনে থাকা লুঙ্গীর নিচের দিকের কোচ থেকে ২৯০ পিস এবং গ্রেপ্তার সোহেলের প্যান্টের পকেট থেকে আরও ৬০টি সহ মোট ৩৫০ ইয়াব উদ্ধার করে পুলিশ।
এবিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান বলেন, 'মাদক ক্রয়বিক্রয় হচ্ছে এমন একটি গোপন সংসবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে ৩৫০ ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে শামিম পৌর শহরের ৬নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি এবং পৌর যুবলীগের সদস্য। পরে তাদের মাদক মামলায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয় এবং ৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতিকে সন্ত্রাস বিরোধী আইনে শোন এ্যারেস্ট দেখানো হয়।