সাবেক বাণিজ্যমন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা তোফায়েল আহমেদের স্ত্রী আনোয়ারা আহমেদ মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন তিনি। রাতে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন তোফায়েল আহমেদের ব্যক্তিগত সহকারী মো. হাচনাইন।
আনোয়ারা আহমেদ দীর্ঘদিন কিডনিজনিত রোগে ভুগছিলেন। তিনি স্বামী তোফায়েল আহমেদ, একমাত্র মেয়ে ডা. তাছলিমা আহমেদ মুন্নি, জামাতা ডা. তৌহিদসহ বহু স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
১৯৬৪ সালে তোফায়েল আহমেদের সঙ্গে তার বিয়ে হয়। আনোয়ারা ছিলেন সম্ভ্রান্ত তালুকদার বাড়ির সফিজুল ইসলাম তালুকদারের বড় মেয়ে।
আজ শুক্রবার বাদ জুমা ভোলার বাংলাবাজারে জানাজা শেষে ফাতেমা খানম জামে মসজিদের পাশে কবরস্থানে মরহুমার মরদেহ দাফন করা হবে বলে জানিয়েছেন স্বজনরা।