সামাজিক উন্নয়ন নিয়ে তুরাগে মতবিনিময় সভা

তুরাগ থানার ৫২ নম্বর ওয়ার্ডের বাদালদি এলাকায় রাস্তাঘাট উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন এবং সামাজিক নিরাপত্তাসহ বিভিন্ন সমস্যা নিয়ে মতবিনিময় সভা হয়েছে। স্থানীয় উদ্যোগে আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান।

সভায় বক্তব্যে মোস্তফা জামান বলেন, ‘জনগণের চলাচলের সুবিধা নিশ্চিত করা শুধু সরকারের দায়িত্ব নয়, এটি নৈতিক অঙ্গীকার। বিএনপি ক্ষমতায় এলে প্রথমেই নাগরিক সুবিধার উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হবে।’ তিনি আরও বলেন, ‘একটি এলাকার উন্নয়ন শুরু হয় রাস্তা, ড্রেনেজ ও আলো-নিরাপত্তা ব্যবস্থা দিয়ে। বাদালদি এলাকার মানুষের কষ্ট আমি জানি। তাদের ন্যায্য দাবি বাস্তবায়নে বিএনপি সর্বদা পাশে থাকবে।’

সামাজিক উন্নয়নের প্রেক্ষাপটে মোস্তফা জামান বলেন, ‘বর্তমান সময়ে মানুষের মৌলিক অধিকার রক্ষা করা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। জনগণ ঐক্যবদ্ধ হলে পরিবর্তন অনিবার্য।’ স্থানীয়দের উদ্দেশে তিনি বলেন, ‘আপনাদের ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে। উন্নয়নের নামে লোকদেখানো কাজ নয়, সত্যিকারের জনমুখী উন্নয়ন চাই।’

বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা মহানগর উত্তর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুস্তাফিজুর রহমান সেগুন বলেন, এলাকার দীর্ঘদিনের অবহেলা ও অবকাঠামোগত সংকট দূর করতে দলের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন তুরাগ থানা বিএনপির সদস্য মোহাম্মদ কফিল। তিনি বলেন, বাদালদি এলাকার সড়কের বেহালদশা, বাজারসংলগ্ন জলাবদ্ধতা, ড্রেনেজ সমস্যা এবং নিরাপত্তাজনিত নানা ইস্যু সমাধানে দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছেন এলাকাবাসী।