কিশোরগঞ্জে বিএনপির প্রাথমিক মনোনয়ন পাওয়া অ্যাডভোকেট ফজলুর রহমানের বিরুদ্ধে অভিযোগ তুলে তার মনোনয়ন বাতিলের দাবিতে মানববন্ধন করে বিএনপি নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে জেলা জজকোর্ট এলাকার সড়কে প্রায় এক ঘণ্টা ধরে এই প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশ নেওয়া নেতাকর্মীরা জানান, কিশোরগঞ্জ–৪ (ইটনা–মিঠামইন–অষ্টগ্রাম) আসনের সম্ভাব্য প্রার্থী ফজলুর রহমান অতীতে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়কে ‘প্রহসন’ বলে আখ্যায়িত করেছিলেন।
এ ছাড়া স্থানীয় নেতাকর্মীদের ভয় দেখানো এবং একই আসনের আরেক মনোনয়নপ্রত্যাশী আব্দুর রহিম মোল্লাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগও উঠে।
বক্তারা অভিযোগ করেন, তাকে মনোনয়ন দেওয়া হলে দলীয় আদর্শ ক্ষতিগ্রস্ত হতে পারে এবং স্বৈরাচারী প্রবণতা সমর্থনের মতো পরিস্থিতি তৈরি হবে।
তাই দ্রুত তার মনোনয়নপ্রাপ্তি বাতিল এবং দলের বাহিরে রাখার দাবি জানান তারা।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাবেক ডিসি ও বিএনপির মনোনয়নপ্রত্যাশী আব্দুর রহিম মোল্লা, ইটনা উপজেলা বিএনপির সহসভাপতি গোলাম রহমান, উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক নূরু মিয়া, মিঠামইন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাহফুজ আহমেদ, ইটনা উপজেলা সাংস্কৃতিক দলের সভাপতি সোহাগ মিয়া এবং স্থানীয় বিএনপির বহু নেতাকর্মী।