সারা দেশের সরকারি স্কুল এবং মহানগরসহ জেলা–উপজেলা সদর এলাকার বেসরকারি স্কুলগুলোতে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত নতুন শিক্ষার্থী ভর্তির অনলাইন আবেদন আজ থেকে শুরু হচ্ছে।
আগের বছরের মতো এবারও ডিজিটাল লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করা হবে।
শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১১টা থেকে আবেদন গ্রহণ শুরু হবে, যা চলবে ৫ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) ভর্তি–সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা প্রকাশ করেছে।
নিয়ম অনুযায়ী, আগ্রহী শিক্ষার্থীদের gsa.teletalk.com.bd ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদন ফি নির্ধারিত হয়েছে ১০০ টাকা, যা টেলিটকের প্রি-পেইড নম্বর ব্যবহার করে পরিশোধ করা যাবে।
ভর্তি লটারি অনুষ্ঠিত হওয়ার কথা ১৪ ডিসেম্বর। পরবর্তীতে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়া চলবে ১৭ থেকে ২১ ডিসেম্বর পর্যন্ত।
এবারও আগের মতো দুটি অপেক্ষমান তালিকা থাকছে—
প্রথম অপেক্ষমান তালিকা: ২২–২৪ ডিসেম্বর
দ্বিতীয় অপেক্ষমান তালিকা: ২৭–৩০ ডিসেম্বর
এই তালিকা অনুযায়ী সংশ্লিষ্ট শিক্ষার্থীরা ভর্তি হওয়ার সুযোগ পাবেন।