নারায়ণগঞ্জের আড়াইহাজারে পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে রুহেল (১৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (২১ নভেম্বর) সকাল সোয়া ৮টার দিকে সদর পৌরসভার নোয়াপাড়া চৌরাস্তার সংলগ্ন পাকা সড়কে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, আড়াইহাজার থেকে মদনপুরগামী একটি পিকআপ এবং মারুয়াদী থেকে আড়াইহাজারমুখি অনটেস্ট মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী রুহেল গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত রুহেল ছোট ফাউসা দেওয়ানপাড়া এলাকার বাসিন্দা। তার বাবার নাম মোহাম্মদ হানিফা। সংবাদ পেয়ে আড়াইহাজার থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসির উদ্দিন জানান, পরিবারের কোনও অভিযোগ না থাকায় লাশ দাফনের জন্য দিয়ে দেওয়া হয়েছে।