কম্বোডিয়ায় বাস নদীতে পড়ে ১৬ যাত্রীর মৃত্যু

কম্বোডিয়ায় একটি যাত্রীবাহী বাস সেতু থেকে নদীতে পড়ে কমপক্ষে ১৬ জন নিহত ও ২৪ জন আহত হয়েছেন। 

বৃহস্পতিবার (২০ নভেম্বর)  ভোরে কাম্পং থম প্রদেশের মধ্যাঞ্চলে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে, রাতে বাসটি উত্তরাঞ্চলীয় ওদ্দার মিয়ানচে প্রদেশ থেকে রাজধানী নমপেনের দিকে যাত্রা করেছিল। এলাকার ডেপুটি পুলিশ প্রধান সিভ সোভান্না নিশ্চিত করেছেন যে বাসটিতে মোট ৪০ জন কম্বোডিয়ান যাত্রী ছিলেন।

প্রাথমিক তদন্তে উঠে এসেছে যে রাতের বেলায় যাত্রা শুরুর পর চালক ঘুমিয়ে পড়েছিলেন বলে ধারণা করা হচ্ছে। তবে নিহতদের মধ্যে চালক আছেন কি না, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

কম্বোডিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সার সোখা সামাজিক যোগাযোগমাধ্যমে দুর্ঘটনার একটি ছবি পোস্ট করেছেন। ছবিতে দেখা গেছে, ক্রেন দিয়ে বাসটি তোলার সময় সেটি অর্ধেক পানিতে ডুবে ছিল।

আহত যাত্রীদের প্রাদেশিক কাম্পং থম হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। কর্তৃপক্ষ নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের কাজ শুরু করেছে।