বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, আসন্ন নির্বাচনে সরকার ও প্রশাসনকে নিরপেক্ষ থাকতে হবে। পক্ষপাতিত্ব ও ভোট ডাকাতির চেষ্টা করলে পরিণতি হবে ভয়াবহ।
শুক্রবার (২১ নভেম্বর) খুলনার ডুমুরিয়া উপজেলার শাহপুরে দলের আয়োজিত এক ছাত্র গণজমায়েতে তিনি এ কথা বলেন।
জামায়াত নেতা বলেন, আসন্ন নির্বাচনে সরকার ও প্রশাসনকে নিরপেক্ষ থাকতে হবে। পক্ষপাতিত্ব ও ভোট ডাকাতির চেষ্টা করলে কঠিন পরিণতি ভোগ করতে হবে। তিনি আরও যোগ করেন, অনেকেই টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছে। দুর্নীতির টাকা দিয়ে সত্যের সৈনিকদের বিবেক কেনা যাবে না।
জামায়াতের বিরুদ্ধে ‘জান্নাতের টিকিট বিক্রি’ করার অপপ্রচারের বিষয়ে গোলাম পরওয়ার বলেন, ভয়-ভীতি, টাকার খেলা ও অপপ্রচার করে দাঁড়িপাল্লার জোয়ার থামানো যাবে না। নির্বাচন সফল করতে দুর্নীতিমুক্ত প্রশাসন গঠনের প্রয়োজনীয়তার কথাও তিনি উল্লেখ করেন।
গণজমায়েতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (জাকসু) জিএস মাজহারুল ইসলাম। অন্যান্য বক্তারা বলেন, আগামী নির্বাচনে জামায়াতে ইসলামী সরকার গঠন করে ‘একটি নতুন রাষ্ট্র’ গড়ে তুলতে চায়।