দুবাই এয়ার শোতে ভারতের যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলটের মৃত্যু

দুবাই এয়ার শোতে ভারতের তেজস যুদ্ধবিমান প্রদর্শনীর সময় বিধ্বস্ত হয়েছে। পাইলট ঘটনাস্থলেই নিহত হয়েছেন বলে জানান ভারতীয় বিমান বাহিনী।

হিন্দুস্থান টাইমসের বরাত দিয়ে জানা যায়, দুবাইয়ে প্রদর্শনী চলাকালে শুক্রবার (২১ নভেম্বর) এইচএএল নির্মিত তেজস জেট বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনাটি স্থানীয় সময় বিকেল ২টা ১০ মিনিটে ঘটে।

ভারতীয় বিমান বাহিনী (আইএএফ) এক বিবৃতিতে জানিয়েছে, প্রদর্শন চলাকালীন এই দুর্ঘটনা ঘটেছে। আইএএফ গভীর শোক প্রকাশ করছে এবং নিহত পাইলটের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করা হবে।

প্রত্যক্ষদর্শী ও প্রকাশিত ভিডিওতে দেখা যায়, তেজস যুদ্ধবিমানটি নিয়মিত প্রদর্শনী উড্ডয়নের সময় হঠাৎ নিচে নামতে থাকে এবং দ্রুত বিধ্বস্ত হয়। এরপরই আকাশে কালো ধোঁয়ার স্তম্ভ দেখা দেয়, যা দর্শকদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে।

তারা জানান, দুর্ঘটনার পেছনে নেগেটিভ জি-ফোর্সে পাইলটের নিয়ন্ত্রণ হারানো একটি গুরুত্বপূর্ণ কারণ হতে পারে। নেগেটিভ জি-ফোর্স হলও মাধ্যাকর্ষণের বিপরীত দিকে অনুভূত চাপ।

দুবাই এয়ার শো বিশ্বের অন্যতম বৃহৎ বিমান প্রদর্শনী। প্রতি দুই বছর অন্তর অনুষ্ঠিত এই প্রদর্শনীর সময় কয়েক বিলিয়ন ডলারের বিমান কেনাবেচার চুক্তি ঘোষণা হয়।

তেজসের জন্য এটি শেষ দুই বছরের মধ্যে দ্বিতীয় দুর্ঘটনা। এর আগে ২০২৪ সালের মার্চে রাজস্থানের জয়সালমেরে তেজস বিধ্বস্ত হয়েছিল। যেখানে পাইলট নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হন। ২০০১ সালে পরীক্ষামূলক উড্ডয়নের পর এটি প্রথম দুর্ঘটনা ঘটেছিল।

তেজস হলও ৪.৫- প্রজন্মের মাল্টি-রোল কমব্যাট এয়ারক্রাফট। এটি আকাশ প্রতিরক্ষা, আক্রমণাত্মক সহায়তা ও নিকটবর্তী যুদ্ধ মিশনে ব্যবহার হয়। ভারতের পুরনো ফাইটারবিমান বহর আধুনিকায়ন এবং বিদেশি সরবরাহের ওপর নির্ভরতা কমাতে তেজস প্রোগ্রাম অত্যন্ত গুরুত্বপূর্ণ বিবেচিত হয়। ২০১৬ সালে তেজসের প্রথম স্কোয়াড্রন ‘নম্বর ৪৫ ফ্লাইং ড্যাগার্স’ ভারতীয় বিমান বাহিনীতে যুক্ত হয়।