ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম বলেছেন, কেউ যদি আবার নব্য ফ্যাসিস্ট হতে চান, আবার কেন্দ্র দখল করে মেকানিজম করে নির্বাচন করতে চান, তাদের পরিণতি হবে ফ্যাসিস্ট শেখ হাসিনার থেকেও ভয়াবহ।
শুক্রবার (২১ নভেম্বর) যশোরের ঝিকরগাছায় জামায়াত আয়োজিত এক গণজমায়েতে প্রধান বক্তা হিসেবে তিনি এই মন্তব্য করেন।
সাদিক কায়েম বলেন, একটি রাজনৈতিক দল নির্বাচন হওয়ার আগেই ঘোষণা দিয়েছে যে তারা ক্ষমতায় চলে এসেছে।
ডাকসু ভিপি বলেন, এদেশের তরুণ প্রজন্ম ভোট থেকে বঞ্চিত হয়েছে, এবার সময় এসেছে ভোটের মাধ্যমে ইনসাফ প্রতিষ্ঠিত করার। তাই নির্বাচনের দিন সকলে মিলে কেন্দ্র পাহারা দিতে হবে।
তিনি আরও যোগ করেন, বাংলাদেশে রাজনীতিকরা রাজনীতি নিয়ে ব্যবসা করেন, ক্ষমতায় বসলে আর সাধারণ মানুষের খোঁজ কেউই করে না। আমরা রাজনীতিতে নতুন দৃষ্টান্ত সৃষ্টি করতে চাই। যে রাজনীতি হবে গরিবের জন্য, সমতার জন্য, মুক্তির জন্য, ইসলামের জন্য।
চিকিৎসা খাতের বর্তমান অবস্থা নিয়ে তিনি মন্তব্য করেন, দেশের চিকিৎসাব্যবস্থা ভঙ্গুর হয়ে গেছে। এই অবস্থার আমূল পরিবর্তন দরকার। দেশের সকল হাসপাতালকে সিন্ডিকেটমুক্ত করতে হবে।
শেষে তিনি সতর্ক করে দিয়ে বলেন, জুলাই বিপ্লবের মাধ্যমে আমরা তরুণ প্রজন্ম পেয়েছি। স্বাধীনতার ৫৪ বছরেও বাংলাদেশের মানুষের মুক্ত হয়নি। যতদিন ইনসাফ কায়েম না হবে, ততদিন আমাদের সংগ্রাম চলবে। খুনি হাসিনার রাজনীতি এই বাংলাদেশে আর হবে না। বাংলাদেশে রাজনীতি করবে তারাই, যারা বাংলাদেশপন্থী।