রাজধানী ঢাকাসহ আশপাশের এলাকায় শুক্রবার (২১ নভেম্বর) সকালে আঘাত হানা মাঝারি মাত্রার ভূমিকম্পের পর ফেসবুক তার ‘সেফটি চেক’ সেবা চালু করেছে। সকাল ১০টা ৩৮ মিনিটে রিখটার স্কেলে ৫.৭ মাত্রার ভূমিকম্পে অন্তত দশজন নিহত ও শতাধিক মানুষ আহত হযেছে।
ভূমিকম্পের পর ফেসবুক ব্যবহারকারীদের মধ্যে নিরাপত্তা নিশ্চিত করতে বেলা ১১টা ৩১ মিনিটে ‘সেফটি চেক’ ফিচারটি সক্রিয় করে সামাজিক যোগাযোগের এই প্ল্যাটফর্ম।
প্রাকৃতিক দুর্যোগ বা জরুরি সংকটের সময় মানুষ ফেসবুকে তার প্রিয়জন কে কোথায় আছেন বা কেমন আছেন, খোঁজখবর করেন। এ সময় দুর্গত এলাকার মানুষ বা প্রিয়জনের অপেক্ষায় থাকা উদ্বিগ্ন স্বজনদের মধ্যে যোগাযোগ করা কঠিন হয়ে দাঁড়ায়। এ পরিস্থিতিতে সহজে যোগাযোগের জন্য প্রয়োজনীয় টুল বা সহজ যোগাযোগ পদ্ধতি এ সেফটি চেক।
ফেসবুকের কর্মকর্তাদের মতে, সেফটি চেক টুলটি প্রাকৃতিক দুর্যোগের সময় পরিবার-পরিজনদের কাছে নিরাপদে থাকার তথ্যটি জানিয়ে দিতে পারবে। অন্যান্য দুর্গত এলাকার তথ্য জানার পাশাপাশি বন্ধু নিরাপদে আছে কি না, তা-ও জানা যাবে।
প্রাকৃতিক দুর্যোগের পর ওই এলাকায় অবস্থানকালে এই টুলটি স্বয়ংক্রিয়ভাবে সক্রিয় হলে একটি ফেসবুক নোটিফিকেশনের মাধ্যমে ব্যবহারকারী নিরাপদ আছেন কিনা, তা জানতে চাওয়া হবে। ব্যবহারকারীর অবস্থান শনাক্ত করে তাদের প্রোফাইল বা নিউজ ফিডে একটি নোটিফিকেশন দেখানো হবে। ব্যবহারকারী ‘আই অ্যাম সেফ’ নির্বাচন করলে তা তার বন্ধুদের নোটিফিকেশন ও নিউজ ফিডে চলে যাবে। এটা পাওয়ার পর বন্ধুরাও একে অপরের অবস্থা ও নিরাপত্তা নিশ্চিত হতে পারবে।