গণতন্ত্র ফিরিয়ে আনতে নির্বাচনের বিকল্প নেই: আমান

গণতন্ত্র ফিরিয়ে আনতে সুষ্ঠু নির্বাচনের কোনও বিকল্প নেই বলে মন্তব্য করেছেন ডাকসুর সাবেক ভিপি ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আমান উল্লাহ আমান।

শুক্রবার (২১ নভেম্বর) বিকেলে কেরানীগঞ্জ মডেল থানাধীন বামনশুর খেলার মাঠে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অন্তর্বর্তী সরকার প্রধানের প্রতিশ্রুত নির্বাচন অনুষ্ঠিত হবে। জনগণের ভোটে বিএনপি সরকার গঠন করে এবং আবারও দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আসবে।

তিনি আরও বলেন, জুলাই আন্দোলনে সংঘটিত গণহত্যার বিচার কার্যক্রম শুরু হয়েছে এবং ইতোমধ্যে একটি মামলার রায় ঘোষণা হয়েছে। রায়ে শহীদ ছাত্রজনতার পরিবার ও স্বজনরা সন্তুষ্ট হয়েছেন এবং দ্রুত রায় কার্যকর হলে তাদের আত্মা শান্তি পাবে।

আমান উল্লাহ আমান বলেন, দেশের জনগণ এখন ভোটের উৎসবের অপেক্ষায় রয়েছে। জনগণকে ভোটের জন্য প্রস্তুত হতে হবে এবং ধানের শীষ মার্কায় ভোট দিয়ে বিজয় নিশ্চিত করার আহ্বান জানান তিনি। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, বিএনপি সরকার গঠন করলে তারেক রহমানের নেতৃত্বে কামরাঙ্গীরচর-খোলামোড়া সেতু নির্মাণ করা হবে।

উদ্বোধনী খেলায় বলসতা একাদশ কে ১- ০ গোলের ব্যবধানে হারিয়ে জয়নগর একাদশ জয়লাভ করে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি, কেরানীগঞ্জ মডেল থানা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজী শামীম হাসান, যুগ্ম সম্পাদক মনির হোসেন মনির, কোষাধ্যক্ষ তারেক ইমাম বাবুল, সদস্য জাহিদ হোসেন, শাক্তা ইউনিয়ন বিএনপির সভাপতি মহসিন মন্টু, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, কেরানীগঞ্জ মডেল উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এম এ অভি ও আশরাফুল আলম, কেরানীগঞ্জ মডেল উপজেলা ছাত্রদল আহ্বায়ক হাজী সাইফুল ইসলামসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।