আওয়ামী লীগের বিচারের দাবিতে এনসিপির গণমিছিল আজ

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জুলাই গণহত্যার অভিযোগে দল হিসেবে আওয়ামী লীগের বিচারের দাবিতে আজ শনিবার (২২ নভেম্বর)  রাজধানীতে গণমিছিলের কর্মসূচি ঘোষণা করেছে। 

শুক্রবার (২১ নভেম্বর) দলটির যুগ্ম সদস্যসচিব ও মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস সালেহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এনসিপির ঢাকা মহানগর শাখার আয়োজনে এই মিছিল অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জুলাই গণহত্যাকারীদের বিচারের রায় কার্যকর এবং দল হিসেবে আওয়ামী লীগ ও জোটসঙ্গীদের বিচারের দাবিতে মিছিলটি বাংলামোটর মোড় থেকে বিকেল সাড়ে ৩টায় শুরু হবে। মিছিলে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম উপস্থিত থাকবেন।

গত ১৭ নভেম্বর শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের পর এক প্রতিক্রিয়ায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম দল হিসেবে আওয়ামী লীগের বিচারের দাবি তোলেন।

এর আগে, আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে আন্দোলন করে এনসিপি। এ আন্দোলনের পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে অন্তর্বর্তী সরকার।