জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) ১০০তম সভার সিদ্ধান্ত অনুযায়ী পটুয়াখালীর দুমকি উপজেলার তিন বেসামরিক মুক্তিযোদ্ধার গেজেট বাতিল করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।
তারা হলেন গেজেট নম্বর ৫৭০ মো. মোক্তার আলী, গেজেট নম্বর ৪৭২ সন্তোষ কুমার ঘোষাল ও গেজেট নম্বর ৪৭৫ মো. আশ্রাব আলী।
গত ১৩ নভেম্বর জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন ২০২২ অনুযায়ী যাচাই-বাছাই শেষে তাদের গেজেট বাতিল করা হয়েছে। এবিষয়ে সংশ্লিষ্ট ডিজিটাল ও মুদ্রিত গেজেট থেকে তাদের নাম অপসারণের নির্দেশনা পাশাপাশি সংশ্লিষ্ট সব দপ্তরে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ পাঠানো হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
বিষয়টি প্রকাশ পাওয়ার পর দুমকির বীরমুক্তিযোদ্ধাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। প্রবীণ মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল আজিজ সরকার বলেন, মাত্র তিনজনের গেজেট বাতিল হয়েছে। তালিকায় এখনও বিতর্কিত অনেকের নাম আছে।
তিনি দাবি করেন, উপজেলায় প্রকৃত মুক্তিযোদ্ধা হাতেগোনা কয়েকজন। বাকিরা বিভিন্ন সময় তদবিরের মাধ্যমে তালিকাভুক্ত হয়েছেন।