নতুন বছরের প্রথম মাসেই (১০ জানুয়ারি) শুরু হচ্ছে ‘ঢাকা চলচ্চিত্র উৎসব’-এর ২৪তম আসর। ‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’ প্রতিপাদ্য নিয়ে উৎসব আয়োজন করছে রেইনবো চলচ্চিত্র সংসদ। ৯ দিন ব্যাপী এই উৎসবে ৭৫টি দেশের পূর্ণ ও স্বল্প দৈর্ঘ্যের ২৫০টি সিনেমা প্রদর্শিত হবে বলে জানিয়েছেন উৎসবের পরিচালক আহমেদ মুজতবা জামাল। তিনি বলেন, ‘এতে বাংলাদেশের ৬৭টি চলচ্চিত্র অংশ নেবে। আমরা উৎসবের প্রস্তুতি নিচ্ছি। সিনেমা নির্বাচন, শিডিউল তৈরি করা, সব কাজ আমরা গুছিয়ে এনেছি।’
তিনি জানান, মূল প্রতিযোগিতা বিভাগ ‘বাংলাদেশ প্যানোরমায়’ নির্বাচিত হয়েছে আটটি সিনেমা। বাংলাদেশের আটটি সিনেমাগুলো হলো- হাবিবুর ইসলাম হাবিবের ‘যাপিত জীবন’, সোহেল রানা বয়াতীর ‘নয়া মানুষ’, জ্যাক মিরের ‘দ্য স্টোরি অব আ রক’, জোবাইদুর রহমানের ‘উড়াল’, বিপ্লব কুমার পাল বিপুর ‘ধামের গান’, অনন্য প্রতীক চৌধুরীর ‘নয়া নোট’, সুমন ধরের ‘আগন্তুক’ ও আহমেদ হাসান সানির ‘এখানে রাজনৈতিক আলাপ জরুরি’।
অন্যবারের মতো এবার উৎসবেও থাকছে ১০টি বিভাগ। তা হলো- এশিয়ান সিনেমা সেকশন, রেট্রোস্পেক্টিভ, ট্রিবিউট, ওয়াইড অ্যাঙ্গেল, বাংলাদেশ প্যানোরমা, সিনেমা অব দ্য ওয়ার্ল্ড, চিলড্রেন ফিল্মস, উইমেন ফিল্মস, শর্ট অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট ফিল্মস ও স্পিরিচুয়াল ফিল্মস। তিনটি ভেন্যু বাংলাদেশ শিল্পকলা একাডেমি, জাতীয় জাদুঘর মিলনায়তন ও আলিয়ঁস ফ্রঁসেজ মিলনায়তনে উৎসবের সিনেমাগুলো দেখানো হবে। এবার উৎসবের ২৪তম আসরে ‘চায়নিজ ফিল্ম উইক’ নামে চীনা চলচ্চিত্রের ১২০ বছর পূর্তি উদযাপন করা হবে। স্বল্পদৈর্ঘ্য ও পূর্ণদৈর্ঘ্য মিলিয়ে দেশটির ১৫টি ছবি দেখানো হবে। এছাড়া উৎসবে থাকবে মাস্টারক্লাস। বিভিন্ন দেশের তিনজন স্বনামধন্য নির্মাতা আসবেন এই মাস্টারক্লাস নিতে। উৎসবের আগেই তাদের নাম ঘোষণা করা হবে।