কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে আর বাংলাদেশে রাজনীতি করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা-৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন।
শনিবার (২২ নভেম্বর) কেন্দ্রীয় শহীদ মিনারে মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের প্রজন্মের এক সমাবেশে তিনি এ কথা বলেন।
ইশরাক হোসেন অভিযোগ করেন, শেখ হাসিনা গুপ্ত সন্ত্রাসীদের ব্যবহার করে নির্বাচন বাধাগ্রস্ত করার চেষ্টা করছেন। বাংলাদেশে আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না।
নেতাকর্মীদের মধ্যে ঐক্যের ডাক দিয়ে তিনি বলেন, বিভেদ আন্দোলনকে দুর্বল করবে। জুলাই আন্দোলনের সব দল ঐক্যবদ্ধ না থাকলে বহিঃশত্রুরা দেশকে করদ রাষ্ট্রে পরিণত করতে পারে।
তিনি জোর দিয়ে বলেন, দেশকে করদ রাষ্ট্রে পরিণত হতে দেওয়া যাবে না। দেশের স্বার্থে সব ধরনের বিভেদ ভুলে এগিয়ে যেতে হবে।
সমাবেশে মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ নাগরিকরা উপস্থিত ছিলেন।