২০২৬ বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে আগামী মার্চে যুক্তরাষ্ট্রে ব্রাজিল ও কলম্বিয়ার সঙ্গে দুটি দুটি প্রীতি ম্যাচ খেলবে ফ্রান্স। শুক্রবার ফরাসি ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট ফিলিপ দিয়ালো এ তথ্য জানিয়েছেন। দিয়ালো বলেন, “এখনও চূড়ান্ত হয়নি, তবে আমরা উন্নত পর্যায়ের আলোচনায় আছি। মার্চে আমেরিকার বাতাসে শ্বাস নেওয়ার সুযোগ তৈরি হচ্ছে। এটি উপযুক্ত সময়, কারণ বিশ্বকাপও সেখানেই অনুষ্ঠিত হবে।”
আগামী ২৩ মার্চ ফ্লোরিডায় কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামবে গত বিশ্বকাপের রানার্স আপরা, ৩১ মার্চ ব্রাজিলের বিপক্ষে খেলবে তারা বস্টনে। বিশ্বকাপের গ্রুপ পর্বের ড্র হবে আগামী ৫ ডিসেম্বর ওয়াশিংটন ডিসিতে। ব্রাজিল ও ফ্রান্স দু’দলই শীর্ষ পটে থাকায় তারা একই গ্রুপে পড়বে না। তবে কলম্বিয়া ফ্রান্সের প্রতিপক্ষ হতে পারে।
ফ্রান্স সর্বশেষ ব্রাজিলের বিপক্ষে খেলেছিল ২০১৫ সালের মার্চে, সেই ম্যাচে স্তাদ দ্য ফ্রান্সে। সে ম্যাচে ব্রাজিল ৩-১ গোলে জয়ী হয়েছিল
ফ্রান্স ফেডারেশনের প্রেসিডেন্ট আরও জানান, দিদিয়ের দেশমের কোচিং স্টাফ শিগগিরই যুক্তরাষ্ট্রে গিয়ে সম্ভাব্য ট্রেনিং ভেন্যু পরিদর্শন করবেন। তিনি বলেন, “ড্রয়ের পর আমরা শুধু প্রতিপক্ষই নয়, কোথায় খেলব সেটিও জানতে পারব। আগেভাগে কাজ শুরু করলে দ্রুতই আমাদের বেস নির্ধারণ করা সম্ভব হবে।”
দেশম আগামী মে মাসে বিশ্বকাপের জন্য ফ্রান্স দলের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করবেন। এরপর জুনের শুরুতে ফ্রান্স দেশের মাটিতে আরও দুটি প্রীতি ম্যাচ খেলবে, তারপর আটলান্টিক পাড়ি দিয়ে বিশ্বকাপে অংশ নেবে।