নির্বাচনের দিন গণভোট হলে জেনোসাইড হওয়ার সম্ভাবনা: শফিকুর রহমান

জামায়াতে ইসলামির আমির ডা. শফিকুর রহমান বলেছেন, নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড নেই, কিন্তু এই ফিল্ড তৈরি করতে হবে আমাদের। ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে। না হলে এ দেশে সংকট দেখা দেবে। আমরা কোনো সংকট তৈরি হতে দেব না।

শনিবার (২২ নভেম্বর) বিকালে সফরে চট্টগ্রাম প্যারেড মাঠে হেলিকপ্টার থেকে নেমে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচনের দিন গণভোট অনুষ্ঠানকে ভালভাবে দেখছি না। আমরা আগেই বলেছি, নির্বাচনের দিন গণভোট হলে নির্বাচনে জেনোসাইড হবার সম্ভাবনা আছে।

পিআর পদ্ধতির দাবি অব্যাহত থাকবে জানিয়ে জামায়াতের আমির বলেন, এটি জনগণের স্বার্থে বাস্তবায়ন করতে হবে। এমনকি আমরা ক্ষমতায় গেলেও পিআর আমরা বাস্তবায়ন করব, ইনশাআল্লাহ।

নির্বাচনী জোট গঠন প্রসঙ্গে তিনি বলেন, আমরা কনভেনশনাল কোন জোট করব না কিন্তু অনেকগুলো দলের সঙ্গে আমাদের নির্বাচনী সমঝোতা হবে।

তিনি বলেন, বাংলাদেশ এখন ইতিহাসের একটা বাঁকে এসে দাঁড়িয়েছে। আমরা ৪৭, ৫২, ৭১ পার হয়ে এখন চব্বিশে এসে দাঁড়িয়েছি। বার বার আমাদের হাতে সুযোগ এসেছে। কিন্তু সেই সুযোগের উত্তম ব্যবহার যাদের করার কথা ছিল, তারা সেই ব্যবহার না করে অপব্যবহার করেছে। যার কারণে এই এলাকা দুই– দুইবার স্বাধীনতার আলো দেখার পরও সে আলো অনেকটা নিভু নিভু হয়ে গেলো। স্বাধীনতার দীর্ঘ ৫৪ বছরের পথ পরিক্রমায় এই দেশ আরো অনেক দূর এগিয়ে যাওয়ার কথা ছিল। আল্লাহ আমাদের বহুবিধ সম্পদও দান করেছেন। আর এই সম্পদের একটি লীলাভূমি হচ্ছে চট্টগ্রাম। কিন্তু জনগণ সেই সম্পদের উপকারভোগী হতে পারেননি। কিছু লোক জনগণের সম্পদ লুটপাট করে নিজেদের পকেট ভারি করেছেন।

ভিশনারি, আন্তরিক, দেশপ্রেমিক ও সৎ নেতৃত্বের অভাবে দেশ বার বার মুখ থুবড়ে পড়েছে মন্তব্য করে শফিকুর রহমান বলেন, সুযোগ এসেছে আবার সে সুযোগ হারিয়ে গেছে। চব্বিশের এই সুযোগকে আমরা আর হারাতে চাই না, এই সুযোগের ষোল আনা সদ্ব্যবহার করতে চাই। কোন দলের জন্য নয়, পুরো জাতির জন্য, আপামর জনতার জন্য।

তিনি বলেন, আমাদের যুদ্ধ হবে এই দেশকে সত্যিকার মুক্তির স্বাদ এনে দেওয়ার জন্য দুর্নীতির বিরূদ্ধে এ যুদ্ধ আপসহীন। এই যুদ্ধে আমরা কারো কাছে মাথা নত করব না। চূড়ান্ত গন্তব্যে না পৌঁছা পর্যন্ত আমাদের কেউ থামাতে পারবে না।

জামায়াত আমির বলেন, জাতি আমাদের সবার। কোন বিশেষ দল বা গোষ্ঠীর নয়। কারো কাছে আমরা দেশের রাজনীতি ইজারা দিতে চাই না। এদেশের মালিক কোন ব্যক্তি বা কোন দল নয়। এদেশের মালিক এদেশের জনগণ। আমরা জনগণের হাতে জনগণের অধিকার তুলে দিতে চাই। কোন অপশক্তির কাছে আমরা মাথা নত করব না। 

শনিবার বিকাল তিনটায় জামায়াতে আমীর ডা. শফিকুর রহমান হেলিকপ্টার যোগে চট্টগ্রাম প্যারেড মাঠে নামেন। এসময় জামায়াত ও সহযোগী সংগঠনের কর্মী-সমর্থকরা তাকে স্বাগত জানান।

বিকালে তিনি আকবর শাহ থানার আল জামিয়াতুল ইসলামিয়া (পূর্ব ফিরোজ শাহ কলোনী) বড় মাদ্রাসার বার্ষিক মাহফিল-এ প্রধান অতিথি হিসেবে এবং সন্ধ্যায় জামায়াতে ইসলামি চট্টগ্রামের উদ্যোগে আয়োজিত ‘নির্বাচনী দায়িত্বশীল সম্মেলনে’ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।