বিএনপির প্রার্থী আজম খানের বিচারের দাবিতে ভূঞাপুরে মুক্তিযোদ্ধাদের বিক্ষোভ

মুক্তিযোদ্ধা সংসদ টাঙ্গাইল জেলা শাখার আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আব্দুল খালেক মন্ডলকে হুমকি ও অশালীন কথাবার্তার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে টাঙ্গাইলের ভূঞাপুরের মুক্তিযোদ্ধারা। টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট আহমদ আজম খানের বিরুদ্ধে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

শনিবার (২২ নভেম্বর) সকাল ১১টায় বিক্ষোভ মিছিলটি পৌর শহরের মুক্তিযোদ্ধা সংসদের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এক সমাবেশের আয়োজন করে।

মুক্তিযোদ্ধা সংসদ ভূঞাপুর উপজেলার আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ চাঁদ মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ টাঙ্গাইল জেলা শাখার সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা শেখ হাবিব, টাঙ্গাইল সদরের মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. নুরুজ্জামান, টাঙ্গাইল জেলা বার সমিতির সাবেক সভাপতি এডভোকেট আবু তালেব মিয়া, ভূঞাপুর বাজার বণিক সমিতির সাবেক সভাপতি মো. শাহজাহান কবির লিটন, উপজেলা বিএনপির সহ-সভাপতি হাবিবুর রহমান তরফদার ভূট্টো, পৌর জামায়াতের সাংগঠনিক সম্পাদক নুরুর রহমান তালুকদার সেলিম, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার ফরমান আলী, উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. আলমগীর হোসেন, সাবেক পৌর কাউন্সিলর মো. রাশেদুল ইসলাম সেলিম, শ্রমিক নেতা মো. মফিজ আকন্দ প্রমুখ।

সমাবেশে বক্তারা টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের বিএনপির এমপি প্রার্থী আহমদ আজম খানের অসৌজন্যমূলক আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একজন বীর মুক্তিযোদ্ধার সাথে এমন কুরুচিপূর্ণ আচরণের জন্য তাকে জাতির কাছে ক্ষমা চাইতে বলেন। সেই সাথে তাকে বিএনপির মনোনয়ন বাতিল ও দল থেকে বহিষ্কারের দাবিও করেন।