স্বতন্ত্র নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরকে বিলুপ্ত করে ভিন্ন পেশাজীবীর মাধ্যমে নার্সদের পরিচালনাকে ‘জনস্বার্থবিরোধী’ আখ্যায়িত করেছেন নার্স-মিডওয়াইফরা।
এ লক্ষ্যে ৮ দাবিতে গতকাল শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে মহাসমাবেশ করেছেন তারা। বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন (বিএনএ) এবং বাংলাদেশ মিডওয়াইফারি সোসাইটির (বিএমএস) যৌথ আয়োজনে এ সমাবেশে সারা দেশের নার্স-মিডওয়াইফরা অংশ নেন। এ সময় তারা ৮টি দাবি উপস্থাপন করে তা বাস্তবায়নের দাবি জানান। এদিকে দুপুরে এ কর্মসূচিকে কেন্দ্র করে প্রেস ক্লাব, পল্টন এলাকায় যানজট দেখা দেয়।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ঐতিহ্যম-িত স্বতন্ত্র নার্সিং প্রশাসনকে ভেঙে অন্য অধিদপ্তরের সঙ্গে একীভূত করার প্রচেষ্টা চলছে। আর এই প্রচেষ্টা নার্সিং খাতকে বিপর্যস্ত করবে এবং জনস্বাস্থ্য ব্যবস্থায় নেতিবাচক প্রভাব ফেলবে। তারা বলেন, এমনিতেই দেশে চাহিদার তুলনায় নার্স ও মিডওয়াইফদের সংখ্যা অপ্রতুল। তাই এখন থেকেই দক্ষ নার্স তৈরিতে কোনো নেতিবাচক সিদ্ধান্ত নেওয়া কাম্য নয়।